কান ফিল্ম ফেস্টিভ্যালে অদিতি রাও হায়দারির উপস্থিতি নতুন কিছু নয়। তবে ২০২৫ সালে কিছুটা অন্যরকম লাগছে তাঁকে।

অদিতি রাও হায়দারি
শেষ আপডেট: 21 May 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: কান ফিল্ম ফেস্টিভ্যালে অদিতি রাও হায়দারির উপস্থিতি নতুন কিছু নয়। তবে ২০২৫ সালে কিছুটা অন্যরকম লাগছে তাঁকে। কারণ, এ বছর তিনি আর ‘সিঙ্গল’ নন। সদ্যবিবাহিতা এই অভিনেত্রী এবার ফরাসি রিভিয়েরার প্রেক্ষাপটে হাজির হলেন একেবারে দেশি ঘরানার সাজে। ঝলমলে গাউন নয়, বরং 'কান'-এ তাঁর প্রথম ঝলকে দেখা গেল লাল রঙের একটা হালকা শাড়ি, যার পাড়ে ছিল নীল রঙের ছোঁয়া।
এই দেশি লুকেই যেন বলিউডি হিরোইনের মতন জাঁকিয়ে উঠলেন অদিতি। শান্ত নদীর ধারে ফটোশ্যুট, হাতে শাড়ির আঁচল আর মাথায় সিঁদুর—সব মিলিয়ে ছবিটা যেন নিখাদ কবিতা। আর এই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করে অদিতি। সেখানেই স্বামী সিদ্ধার্থর মন্তব্য নজর কাড়ে সকলের। তিনি লেখেন— “আদু পরেছে সিঁদুর, সিধুর জন্য।”
২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর গাঁটছড়া বাঁধেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। তেলেঙ্গানার ওয়ানাপার্থিতে অদিতির ৪০০ বছরের পুরোনো পারিবারিক মন্দিরে হয় এই অন্তরঙ্গ বিয়ে। প্রথম ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন তাঁরা— “তুমি আমার সূর্য, আমার চাঁদ, আর আমার সমস্ত তারা... আজীবনের জন্য পিক্সি সোলমেট হয়ে থাকা, হাসির জন্য, না-বড় হওয়ার জন্য, চিরন্তন ভালোবাসা, আলো আর জাদুর জন্য। মিসেস ও মিস্টার আদু–সিধু।”

এরপর রাজস্থানের জয়পুরের কাছে ২৩৩ বছরের পুরোনো হেরিটেজ রিসর্ট ‘আলিলা ফোর্ট বিশনগড়’-এ আরও একটি অনুষ্ঠান করেন তাঁরা। দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে সেখানে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। কেন এই দুর্গ বেছে নেওয়া, তার ব্যাখ্যাও দেন অদিতি।
অভিনেত্রী বলেন, 'প্রথম প্রেমের গল্প শোনার পর থেকেই আমি তোমায় খুঁজতে শুরু করি, না জেনেই যে প্রেমিক–প্রেমিকারা কোথাও গিয়ে দেখা করেন না, বরং তাঁরা শুরু থেকেই একে অপরের মধ্যে থাকেন। এই দুর্গে এসে আমার শৈশবের কথা মনে পড়ে যায়—দাদু–ঠামার বাড়ি, পাহাড়ি রাস্তায় ঘেরা সেই জাদুকরী জায়গা। যেখানে স্বপ্ন দেখা যেত, গল্পের জন্ম হতো। সিধু আর আমার কাছে এই জায়গাটা হয়ে উঠেছিল এক স্বপ্নময় সংযোগ—ভালবাসা আর মাটির গন্ধে মাখা।”