শ্রেয়স তালপাড়ে ফিরিয়ে দিলেন ‘জলি এলএলবি’-র প্রস্তাব! ভুল বোঝাবুঝির জেরে হাতছাড়া সেই চরিত্র, যা পরে জনপ্রিয়তা পেল আরশাদ ওয়ারশির হাতে।

জলি এলএলবি’
শেষ আপডেট: 14 September 2025 15:42
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় কোর্টরুম ড্রামা ‘জলি এলএলবি’ আজও দর্শকের মনে দাগ কেটে আছে। ছবিতে আরশাদ ওয়ারশির অভিনীত জগদীশ ত্যাগীর চরিত্র দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু জানলে বিস্ময় হতেই পারে, এই একই চরিত্রের প্রস্তাব একসময় এসেছিল অভিনেতা শ্রেয়স তালপাড়ের কাছেও, যা তিনি ভুল বোঝাবুঝির জেরে ফিরিয়ে দিয়েছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়স জানিয়েছেন, পরিচালক সুভাষ কাপুর প্রথম যখন তাঁকে এই ছবির গল্প শোনান, তখন তিনি অন্য প্রজেক্টে ব্যস্ত ছিলেন। তাই বিষয়টি পরে আর এগোয়নি। তবে ২০১৩ সালে ‘জলি এলএলবি’ মুক্তির পর ছবিটি দেখে মুগ্ধ হয়ে তিনি সুভাষ কাপুরকে ফোন করে অভিনন্দন জানান।
কিন্তু সেই মুহূর্তেই আসে চমক। শ্রেয়সের কথায়, “আমি সুভাষজিকে বলি, আপনি অসাধারণ একটা ছবি বানিয়েছেন। তখন উনি হেসে বলেন, এই গল্পটাই তো আমি প্রথমে তোমার কাছে নিয়েছিলাম! কিছুটা পাল্টেছি, তবে মূল প্লট তো একই।”
ঘটনা শুনে নিজেই বিস্মিত হয়ে যান শ্রেয়স। অনুশোচনার সুরে তিনি জানান, “আমার মনে ছিল সুভাষজির সঙ্গে দেখা হওয়ার কথা, কিন্তু বুঝতেই পারিনি সেটাই ছিল ‘জলি’। নিজের অমনোযোগিতার কারণে সুযোগ হারিয়েছি।”
যদিও তিনি একথাও স্বীকার করেন যে, শেষ পর্যন্ত চরিত্রটি আরশাদ ওয়ারশির হাতেই সঠিক জায়গা পেয়েছিল। তাঁর ভাষায়, “আরশাদ ত্যাগীর ভূমিকায় দারুণ কাজ করেছে। অনেক সময় কিছু সুযোগ হারালেও তা সঠিক মানুষের কাছেই পৌঁছয়।”
প্রসঙ্গত, ২০১৩ সালের ‘জলি এলএলবি’ ছবিতে আরশাদ ওয়ারশির পাশাপাশি অভিনয় করেছিলেন বোমান ইরানি, সৌরভ শুক্লা, অমৃতা রাও এবং সঞ্জয় মিশ্র। কোর্টরুম ড্রামা ঘরানার এই ছবিই পরবর্তীতে বলিউডে ‘জলি’ ফ্র্যাঞ্চাইজ়ির সূচনা করে।