দীর্ঘ দিন ধরে ভারতে সফল কেরিয়ার, সঙ্গে ২০০৭ সালে আন্তর্জাতিক রিয়্যালিটি শো বিগ ব্রাদার জয়ের পর বিশ্বজোড়া পরিচিতি - এসবের উপর ভর করেই তৈরি হয়েছে শিল্পার জনপ্রিয়তা।

শিল্পা শেট্টি
শেষ আপডেট: 26 November 2025 11:45
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া (Social Media) আর অনলাইন বিজ্ঞাপনের (Online Advertisement) যুগে ব্যক্তিত্বের অধিকার রক্ষা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারকাদের জন্য। আর সেই কারণেই নিজের ছবির অনধিকার ব্যবহার ও অপব্যবহারের বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra)। অনুমতি ছাড়া তাঁর ছবি, ভিডিও এবং মর্ফ করা কনটেন্ট প্রচারের অভিযোগে বম্বে হাইকোর্টে (Bombay High Court) মামলা দায়ের করেছেন তিনি।
দীর্ঘ দিন ধরে ভারতে সফল কেরিয়ার, সঙ্গে ২০০৭ সালে আন্তর্জাতিক রিয়্যালিটি শো 'বিগ ব্রাদার' (Big Brother) জয়ের পর বিশ্বজোড়া পরিচিতি - এসবের উপর ভর করেই তৈরি হয়েছে শিল্পার জনপ্রিয়তা। কিন্তু সম্প্রতি বেশ কিছু ওয়েবসাইট (Website) তাঁর ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে নানা ধরনের প্রমোশন চালাচ্ছিল বলে অভিযোগ। শুধু পরিচিত প্ল্যাটফর্ম নয়, অসংখ্য অজানা সাইটে ছড়িয়ে পড়েছে তাঁর নাম-ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট।
শিল্পার আইনজীবী সানা রঈস খান জানান, “দশকের পর দশক পরিশ্রম করে শিল্পা শেট্টি (Shilpa Shetty) নিজের পরিচিতি গড়ে তুলেছেন। কোনও সংস্থা বা ব্যক্তি তাঁর সম্মতি ছাড়া তাঁর নাম, ছবি বা পরিচিতি ব্যবহার করতে পারে না। ব্যক্তিত্বের এই অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার তাঁর মর্যাদা ও সুনামকে সরাসরি আঘাত করে।” এই প্রেক্ষিতেই তিনি বিষয়টি নিয়ে ব্যবস্থা চান। অ্যাডভোকেট খান আরও বলেন, “কারও পরিচিতিকে পণ্য বানিয়ে বাণিজ্যিক লাভ তোলা আইনসিদ্ধ নয়। আমরা হাইকোর্টের কাছে আবেদন করেছি যেন এই অপব্যবহার বন্ধ করা হয় এবং শিল্পার পরিচিতিকে সুরক্ষা দেওয়া হয়।”
ব্যক্তিত্ব অধিকার রক্ষায় (Personality Protection) ভারতের বহু সেলিব্রিটি ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মর্ফিং প্রযুক্তির বাড়বাড়ন্তে ঝুঁকিও বেড়েছে বহুগুণ। শিল্পার মামলায় আদালত কী নির্দেশ দেয়, সেই দিকেই এখন নজর শিল্পী-মহলের।
এমনিতে বিগত কয়েক বছর ধরেই কার্যত আদালতের চক্কর কাটতে হচ্ছে শিল্পা এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে। পর্নকাণ্ডে (Porn Case) নাম জড়িয়ে জেলও খেটেছেন রাজ। পরবর্তী সময়ে আবার দুজনের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার (60 Crore Fraud) অভিযোগ ওঠে। সেই মামলায় বম্বে হাইকোর্ট তাঁদের বিদেশ ভ্রমণ নিয়ে বড় নির্দেশ দিয়েছিল। বলা হয়েছিল, ৬০ কোটি টাকা জমা রেখে ঘুরতে যেতে পারেন তাঁরা।
ঠিক কী অভিযোগ?
‘লোটাস ক্যাপিটাল ফাইনান্স সার্ভিসেস’ নামে এক নন-ব্যাঙ্কিং ফাইনান্স কোম্পানির পরিচালক, মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি এই অভিযোগ দায়ের করেন। জানান, রাজ ও তাঁর অভিনেত্রী স্ত্রীর সঙ্গে যোগাযোগ হয় তাঁর রাজেশ আর্যা নামে এক ব্যক্তির মাধ্যমে।
রাজ ও শিল্পা তখন ছিলেন ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালক—একটি হোম শপিং ও অনলাইন রিটেল সংস্থা। যার সংস্থার মাধ্যমে তাঁরা ৭৫ কোটি টাকার ঋণ চান। তবে করের চাপ এড়াতে তাঁরা সেটিকে ‘ইনভেস্টমেন্ট’ বা বিনিয়োগ হিসেবে দেখান। ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই টাকা ঋণ ও বিনিয়োগ হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু পরে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ।