বিনিয়োগের নামে ব্যবসায়ীর কাছ থেকে ৬০ কোটি টাকা নেওয়ার অভিযোগে অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। মামলার তদন্ত করছে অর্থনৈতিক অপরাধ দমন শাখা।

রাজ-শিল্পা (ফাইল ছবি)
শেষ আপডেট: 5 September 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে কোটি টাকার প্রতারণা মামলায় লুক-আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। অভিযোগ, এই সেলিব্রিটি দম্পতি প্রায় ৬০ কোটি টাকা প্রতারণা করেছেন এক ব্যবসায়ীর কাছ থেকে, যা তাঁদের এখন বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর বিনিয়োগের নামে নেওয়া হয়েছিল।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW) মামলাটির দায়িত্বে আছে। পুলিশ খতিয়ে দেখছে শিল্পা ও কুন্দ্রার ভ্রমণ সংক্রান্ত নথি। সংস্থার নিরীক্ষককেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই দম্পতি ব্যবসা সম্প্রসারণের অজুহাতে তাঁর কাছ থেকে মোট ৬০ কোটি টাকা নেন। কিন্তু পরে জানা যায়, সেই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়েছে। প্রথমে এই টাকা ঋণ হিসেবে নেওয়া হলেও পরে তা বিনিয়োগ হিসাবে দেখানো হয়, যাতে কর সাশ্রয় হয়।
কোঠারির দাবি, টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে বার্ষিক ১২ শতাংশ সুদ-সহ। ২০১৬ সালের এপ্রিল মাসে শিল্পা না কি লিখিতভাবে তাঁকে ব্যক্তিগত গ্যারান্টিও দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন। পরে জানা যায়, ওই সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই ১.২৮ কোটি টাকার দেনা সংক্রান্ত দেউলিয়া মামলা চলছে, যা সম্পর্কে তাঁকে কিছুই জানানো হয়নি।
অন্যদিকে, শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা এই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিদ্বেষপ্রসূত মামলা, যা শুধুমাত্র তাঁদের মানহানি করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।