শিল্পা শেট্টি ঘোষণা করলেন বান্দ্রার জমজমাট রেস্তরাঁ ‘বাস্তিয়ান’ বন্ধের সিদ্ধান্ত। এদিকে ৬০ কোটি টাকার আত্মসাৎ অভিযোগে নতুন করে বিতর্কে জড়ালেন শিল্পা–রাজ দম্পতি।

শিল্পা শেট্টি
শেষ আপডেট: 3 September 2025 19:46
দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার জীবন যেন বিতর্ক ও চমকের সমার্থক। কিছুদিন আগেই ৬০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে তাঁরা শিরোনামে উঠে এসেছিলেন। যদিও সেই অভিযোগকে নস্যাৎ করে দেন এই তারকা দম্পতি।
এর মাঝেই শিল্পা ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানালেন আরেকটি বড় খবর—বন্ধ হতে চলেছে তাঁদের বহু স্মৃতিবিজড়িত রেস্তরাঁ ‘বাস্তিয়ান বান্দ্রা’।
সোশ্যাল মিডিয়ায় শিল্পা লেখেন, “এই বৃহস্পতিবার একটি যুগের সমাপ্তি ঘটতে চলেছে। আমরা বিদায় জানাতে চলেছি বাস্তিয়ান বান্দ্রাকে। অসংখ্য স্মৃতি, অবিস্মরণীয় রাগ আর হাসি এই রেস্তরাঁর সঙ্গে জড়িয়ে আছে।”
তিনি জানান, শেষবারের মতো কাছের আত্মীয়স্বজনদের নিয়ে রেস্তরাঁয় একটি বিশেষ সন্ধ্যার আয়োজন করা হবে, যাতে স্মৃতিগুলোকে উদযাপন করা যায়।

মুম্বইয়ের জনপ্রিয় এই রেস্তরাঁটি বহু বছর ধরে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ—সবার কাছে সমান প্রিয় ছিল। প্রায়ই তারকাদের আনাগোনা দেখা যেত এখানে, কিন্তু অবশেষে পর্দা নামছে সেই জমজমাট আড্ডাখানার।
এরই মধ্যে আবারও বিপাকে পড়েন শিল্পা–রাজ। মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেন, তিনি বেস্ট টিভি প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থায় ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন, যা শিল্পা–রাজের মালিকানাধীন ছিল। তাঁর দাবি, এই বিপুল অর্থ আত্মসাৎ করেছেন তারকা দম্পতি।