গণেশ চতুর্থীর ভিডিও ঘিরে নেটপাড়ায় তোলপাড়! জেসমিনের সঙ্গেও কেন ‘গণপতি বাপ্পা’ বললেন না আলি গনি? পুরো ঘটনা জানুন এখানে।

জেসমিন ভাসিন এবং আলি গনি
শেষ আপডেট: 3 September 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় জুটি জেসমিন ভাসিন এবং আলি গনির প্রেমকাহিনি শুরু হয়েছিল বিগ বসের ঘর থেকে। সেই থেকে দীর্ঘদিনের সম্পর্ক, লিভ-ইন সঙ্গ এবং পর্দার বাইরেও তাঁদের রসায়ন নিয়ে ভক্তদের উচ্ছ্বাস কখনও কমেনি। কিন্তু সম্প্রতি গণেশ চতুর্থী উপলক্ষে এক ভাইরাল ভিডিও ঘিরে নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে।
ভিডিওতে দেখা গেছে, জেসমিন ভাসিন এবং নিয়া শর্মা একসঙ্গে গণপতি বাপ্পা মোরিয়ার জয়ধ্বনি দিচ্ছেন। তাঁদের মাঝখানে দাঁড়িয়ে আছেন আলি গনি। কিন্তু একবারের জন্যও তিনি নাম উচ্চারণ করেননি।
এই দৃশ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় আলিকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। একদল নেটিজেন প্রশ্ন তুলেছেন, “যদি বাপ্পার নাম নেওয়াতেই আপত্তি থাকে, তাহলে উৎসবে অংশ নিলেন কেন?” অন্যদিকে অনেকেই আলির পক্ষ নিয়ে বলছেন, এটি সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত ব্যাপার। তাঁদের মতে, “ধর্ম যার যার, উৎসব সবার।”
ভিডিওতে নিয়া শর্মা সাদা-সোনালি স্যুটে, জেসমিন ভাসিন গোলাপি-হলুদ স্যুটে এবং আলি গনি নীল কুর্তায় ধরা দিয়েছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আলির মুখে ধর্মনিরপেক্ষতার ছাপ স্পষ্ট।” অন্য কেউ লিখেছেন, “জোর করে কাউকে কোনও ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা যায় না।”
তবে একাংশের সমালোচনা সত্ত্বেও আলির সমর্থনে সোশ্যাল মিডিয়ায় বহু কণ্ঠ উঠে এসেছে। তাঁদের মতে, “অন্য ধর্মের উৎসবে অংশ নিয়ে শ্রদ্ধা জানানোই যথেষ্ট, কাউকে কিছু বলতে বাধ্য করা যায় না।”