গত ডিসেম্বরেই ভারতের মাটিতে শুটিং শুরু করার কথা ছিল এই ছবির। কিন্তু শিল্পী ও কলাকুশলীদের ভিসা না মেলায় নির্ধারিত সময়সূচি ভেস্তে যায়। এর প্রভাব পড়ে মুক্তির পরিকল্পনাতেও, রোজার ঈদে ছবি মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
.jpeg.webp)
শেষ আপডেট: 11 February 2026 18:20
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মিটল ভিসা জট। স্বস্তির নিঃশ্বাস ফেলল ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ টিম। পরিকল্পনা অনুযায়ী দেরিতে হলেও ভারতে শুরু হল ছবির শুটিং। প্রযোজনাসংশ্লিষ্ট সূত্রের খবর, শাকিব খানসহ টিমের বাকি সদস্যরা বর্তমানে কাজ শুরু করে দিয়েছে।
গত ডিসেম্বরেই ভারতের মাটিতে শুটিং শুরু করার কথা ছিল এই ছবির। কিন্তু শিল্পী ও কলাকুশলীদের ভিসা না মেলায় নির্ধারিত সময়সূচি ভেস্তে যায়। এর প্রভাব পড়ে মুক্তির পরিকল্পনাতেও, রোজার ঈদে ছবি মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। পরিস্থিতি সামাল দিতে নির্মাতা আবু হায়াত মাহমুদ গত ৬ জানুয়ারি বাংলাদেশেই শুটিং শুরু করেন। পাশাপাশি বিকল্প লোকেশন হিসেবে বেছে নেওয়া হয় শ্রীলঙ্কাকে। সেখানেও ছবির কিছু গুরুত্বপূর্ণ অংশ শুট করা হয়েছে। তবু প্রাথমিক পরিকল্পনা ছিল ভারতকে ঘিরেই, ভিসা মেলায় অবশেষে সেই অপেক্ষার অবসান।
ভারতে শুটিং শুরু হলেও পরিচালক বা প্রযোজক এ বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে নারাজ। নির্দিষ্ট সময়ের মধ্যে এখন কাজ শেষ করাই টিমের লক্ষ্য়।
ছবিতে শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টার চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিণ এবং কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বাংলাদেশের নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ১৬ সেকেন্ডের মোশন পোস্টার, যা দর্শকের কৌতূহল বাড়িয়েছে কয়েকগুণ। লম্বা চুল-দাড়ি, চোখে সানগ্লাস, কালো পোশাক, হাতে অভিনব নকশার অস্ত্র, হেলিকপ্টারের দিকে তাক করে দাঁড়িয়ে থাকা শাকিবের রূপ যেন ইঙ্গিত দিচ্ছে বড় পরিসরের অ্যাকশন-ড্রামার। ছবির মেকিং-এ দক্ষিণ ভারতের প্রযোজনার ছাপ। সবকিছু ঠিকঠাক থাকলে ঈদেই বড় পর্দায় হাজির হবে ‘প্রিন্স’।