‘প্রিন্স’ ছবির বিশেষ প্রদর্শনীতে জ্যোতির্ময়ী কুন্ডু ও তাসনিয়া ফারিণের সঙ্গে শাকিব খানের আচরণ ঘিরে বিতর্ক।

শাকিব খান, জ্যোতির্ময়ী কুন্ডু
শেষ আপডেট: 2 April 2026 15:29
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা তথা প্রযোজক দেবের বিপরীতে বড়পর্দায় হাতেখড়ি। সেই শুরু, তারপর ধীরে ধীরে কাজের সুযোগ বাড়তে থাকে ওপার বাংলায়। ধারাবাহিকের মাধ্যমে দর্শকের নজর কেড়েছিলেন বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী কুন্ডু (Jyotirmoyee Kundu)। কলকাতার ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না তাঁর জন্য। তবে একের পর এক কাজের সুযোগ পেয়ে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।
দেবের পর বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ ছবিতে নায়িকা হিসেবে কাজ করার সুযোগ পান জ্যোতির্ময়ী। ইদ উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায় ছবিটি। তবে মুক্তির পর আশানুরূপ সাফল্য পায়নি ‘প্রিন্স’। ছবিকে ঘিরে ওঠে একাধিক অভিযোগ, বিশেষ করে প্রযুক্তিগত ত্রুটি নিয়ে সমালোচনা শুরু হয়। ব্যর্থতার দায় নিজেই স্বীকার করে নিয়েছেন শাকিব খান।
সম্প্রতি ঢাকার উত্তরায় একটি প্রেক্ষাগৃহে ‘প্রিন্স’ ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে ছবির সাফল্য না পাওয়া নিয়ে মুখ খোলেন শাকিব। তিনি বলেন, “আমি যখন ‘প্রিন্স’ সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এ জন্য নির্মাতা-সহ সবার পক্ষ থেকে আমি দুঃখপ্রকাশ করছি। আমি আমার পরবর্তী ছবিতে ত্রুটিগুলো খেয়াল করব।”
তবে এই বিশেষ প্রদর্শনীতে অভিনেতার আচরণ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানে শাকিব খানের দুই পাশে দাঁড়িয়েছিলেন ছবির দুই নায়িকা—জ্যোতির্ময়ী কুন্ডু ও তাসনিয়া ফারিণ। উপস্থিতদের দাবি, অনুষ্ঠানের সময় বার বার জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখতে দেখা যায় শাকিবকে। কয়েকবার নায়িকা নিজে হাত সরানোর চেষ্টা করলেও অভিনেতা হাত সরাননি বলে অভিযোগ। এই প্রসঙ্গে জ্যোতির্ময়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।”
অনুষ্ঠানের শুরু থেকেই জ্যোতির্ময়ীকে কিছুটা আড়ষ্ট দেখাচ্ছিল বলেও উপস্থিতদের দাবি। ছবি দেখার সময়ও শাকিব খান দুই পাশে দুই নায়িকাকে নিয়ে বসেন। অভিযোগ, সেই সময়ও জ্যোতির্ময়ীর হাত চেপে ধরেন তিনি। শুধু জ্যোতির্ময়ীই নন, উপস্থিত অভিনেত্রী তাসনিয়া ফারিণের হাত ও বাহুও কয়েকবার ধরে থাকতে দেখা যায় শাকিবকে। যদিও এক সময়ে নিজের কাঁধ থেকে শাকিবের হাত সরিয়ে দিতে দেখা যায় তাসনিয়াকে।
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানের পর জ্যোতির্ময়ী নাকি জানিয়েছেন যে, তিনি অস্বস্তি বোধ করছিলেন। এই ঘটনার পর প্রকাশ্যে দুই নায়িকার সঙ্গে শাকিব খানের আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্ডাস্ট্রির অন্দরে।