পাঞ্জাবের বন্যায় অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ালেন শাহরুখ খান। ‘মীর ফাউন্ডেশন’ ইতিমধ্যেই ১৫০০ পরিবারকে পৌঁছে দিল ওষুধ, খাবার ও আশ্রয়ের সামগ্রী।

শাহরুখ খান
শেষ আপডেট: 11 September 2025 19:38
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের বন্যা কবলিত এলাকাগুলোর সাহায্য করতে এগিয়ে এল শাহরুখ খানের 'মীর ফাউন্ডেশন'। স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই ফাউন্ডেশন অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা ও ফিরোজপুর জেলার প্রায় ১৫০০ পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে।
বন্যাদুর্গত এই পরিবারগুলোকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করা হচ্ছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ওষুধপত্র, স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরঞ্জাম, শুকনো খাবার, মশারী, ত্রিপল, ফোল্ডিং খাট এবং তুলার ম্যাট্রেস। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য, নিরাপত্তা এবং আশ্রয়ের মতো প্রাথমিক চাহিদাগুলো পূরণ করা, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
এদিকে, কয়েকদিন আগেই বন্যা কবলিত পাঞ্জাবে পৌঁছে গেছিলেন সোনু সুদ। অভিনেতা নিজের সাহায্য নিয়ে হাজির হয়েছেন সেখানে। করোনা কালে সোনুর মতো সাহায্য আর কোনও তারকাকে কখনও করতে দেখা যায়নি।
যদিও, কিছুদিন আগে রনদীপ হুডা থেকে শুরু করে দিলজিৎ দোসাঞ্জ অনেকেই পাঞ্জাবে গিয়েছিলেন সাহায্যের হাত বাড়াতে। নিজেরা বন্যার জল পাড়িয়ে এমনকি বৃষ্টি মাথায় নিয়েই সাহায্যে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। এবার সেই তালিকাতেই যোগ হল 'মীর ফাউন্ডেশন'-এর নাম।