প্রশংসার থেকে যেখানে কটাক্ষের মাত্রাই থাকে বেশি। যার শিকার কম বেশি সকলেই। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন জনপ্রিয় গায়ক শান (Shaan)। সম্প্রতি এক আলোচনায় শান বললেন, কীভাবে তিনি অনলাইন কটাক্ষ (Social Media Trolling) ও নেতিবাচক মন্তব্যকে সামাল দেন।

শেষ আপডেট: 16 February 2026 17:40
দ্য ওয়াল ব্যুরো: সেলিব্রিটিদের জীবন মানেই আলো আর আড়ালের টানাপোড়েন। সোশ্যাল মিডিয়ার যুগে সেই আড়াল প্রায় নেই বললেই চলে। সবটাই যেন এখন সকলের চোখের সামনে। ফলে কে কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে রয়েছেন, নজর এড়ায় না কিছুই। তবে সেই ছবি কিংবা ভিডিয়ো ভাইরাল (Social Media Viral) হয়েই থেমে থাকে না, সঙ্গে যুক্ত হয় নানাজনের নানা মত। প্রশংসার থেকে যেখানে কটাক্ষের মাত্রাই থাকে বেশি। যার শিকার কম বেশি সকলেই। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন জনপ্রিয় গায়ক শান (Shaan)। সম্প্রতি এক আলোচনায় শান বললেন, কীভাবে তিনি অনলাইন কটাক্ষ (Social Media Trolling) ও নেতিবাচক মন্তব্যকে সামাল দেন।
তাঁর মতে, সোশ্যাল মিডিয়ায় আসলে শিল্পী ও শ্রোতার মধ্যে সরাসরি যোগাযোগের এক বিরল সুযোগ (বর্তমানে যা সহজলভ্য)। তাই সেখানে প্রশংসা যেমন আসে, তেমনই অকারণ সমালোচনাও থাকবে— এটাই স্বাভাবিক। তবে তিনি ব্যক্তিগতভাবে ট্রোলিংকে গুরুত্ব দেন না। সময়ের সঙ্গে শিখেছেন, সব মন্তব্যের উত্তর দিতে হয় না। বরং ইতিবাচক প্রতিক্রিয়া থেকে শক্তি নিয়ে, অপ্রয়োজনীয় কথাকে উপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। অন্যকে বোঝানোর চেয়ে নিজেকে স্থির রাখা বেশি জরুরি বলেই মনে করেন তিনি।
প্রসঙ্গত, সংগীত জীবনের নতুন অধ্যায়ও শুরু করেছেন শান। সম্প্রতি ‘আঁখিয়া’ গানে সুর দিয়েছেন তিনি, যেখানে কণ্ঠ দিয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। দীর্ঘ বিরতির পর হিন্দি সংগীত জগতে এই গান দিয়ে ফের সক্রিয় হলেন তিনি। গায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর কেন সুরকারের ভূমিকায় আসা— সে প্রশ্নে শানের সোজাসাপ্টা উত্তর, এখন আর কারও ডাকের অপেক্ষায় থাকতে চান না। নিজের সৃজনশীলতাকে আরও বিস্তৃত করতেই এই উদ্যোগ।
শানের কথায়, শিল্পীর আসল ঠিকানা সুরেই। তাই গান গাওয়া হোক বা গান তৈরি— সংগীতের মধ্যেই ডুবে থাকতে চান তিনি, সমালোচনাকে পাশে রেখেই। তবে তিনি একা নন, বর্তমানে অনেকেই ট্রোলকে এড়িয়ে চলতেই পছন্দ করেন। কেউ কেউ আবার মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে খানিক বিরতিও নিয়ে থাকেন। তবে সব ক্ষেত্রে যে ট্রোল বিষয়টা সহ্যের মধ্যে থাকে এমনটাও নয়। কিছু কিছু ক্ষেত্রে মাত্রা ছাড়ালে এখন প্রকাশ্যে সেলিব্রিটিরাই প্রতিবাদ করে থাকেন।