‘পাঠান’-এর ট্রেন দৃশ্য নিয়ে মুখ খুললেন আমির খান। ভিকি কৌশল, রণবীর কাপুরদের প্রশংসা করে বললেন, নতুন প্রজন্ম সমানে টক্কর দিচ্ছে।

সলমন খান, আমির খান ও শাহরুখ খান
শেষ আপডেট: 12 February 2026 20:33
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে মুক্তির পর বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর বড়পর্দায় প্রত্যাবর্তন করেন শাহরুখ। ছবির অন্যতম বড় চমক ছিল সলমন খানের ‘টাইগার’ চরিত্রে বিশেষ উপস্থিতি। টাইগার ও পাঠানের পুনর্মিলন দর্শকদের কাছে ছিল বাড়তি আকর্ষণ।
বিশেষ করে ছবির একটি ট্রেনের দৃশ্য ঘিরে ব্যাপক আলোচনা হয়েছিল। সেখানে শাহরুখ ও সলমন মজার ছলে বলেন, তাঁদের জায়গা নেওয়ার মতো এখনও কেউ তৈরি হয়নি। সংলাপটি ছবির প্রেক্ষাপটে বলা হলেও, অনেকের মতে তা বলিউডের বাস্তব পরিস্থিতিকেও ইঙ্গিত করেছিল। দর্শক সেই মুহূর্ত উপভোগ করেছিলেন, আবার তার অন্তর্নিহিত বার্তাও ধরেছিলেন অনেকে।
কয়েক বছর পর সেই দৃশ্য নিয়েই মুখ খুললেন আমির খান। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, ছবির শেষের ওই কথোপকথনটি মজার ছলেই হলেও বাস্তবতাকে ছুঁয়ে গিয়েছিল। নাম উল্লেখ না থাকলেও অনেকেই বুঝেছিলেন, শাহরুখ ও সলমন কী বোঝাতে চেয়েছেন। তবে আমিরের মতে, সময় বদলেছে এবং বলিউডের নতুন প্রজন্ম ইতিমধ্যেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। তাঁর কথায়, “‘ছাবা’র ভিকি কৌশল, ‘অ্যানিম্যাল’-এর রণবীর কাপুর, ‘ধুরন্ধর’-এর রণবীর সিং—ওরা শুধু উপস্থিতই নয়, আমাদের সঙ্গে সমানে টক্কর দেওয়ার ক্ষমতাও রাখে।”
আমির আরও জানান, বর্তমান প্রজন্মের অভিনেতারা অত্যন্ত প্রতিভাবান এবং ধারাবাহিক ভাল কাজের মাধ্যমে নিজেদের জায়গা শক্ত করেছেন। তাঁর মতে, আজকের দিনে স্টারডম আর একমুখী নয়; বরং একাধিক অভিনেতা নিজেদের অভিনয়ের জোরে দর্শকের আস্থা অর্জন করছেন।
এদিকে আমিরের ভাইপো ইমরান খানও সম্প্রতি খান ত্রয়ীকে নিয়ে মন্তব্য করেছেন। পর্দায় ফেরার প্রস্তুতি নিতে থাকা ইমরানের মতে, প্রবীণ তারকাদের বয়সোপযোগী চরিত্রে অভিনয় করা উচিত এবং নতুন প্রজন্মকে আরও বেশি সুযোগ দেওয়া প্রয়োজন। তাঁর বক্তব্য, বর্তমান তরুণ দর্শক হয়তো সত্তরোর্ধ্ব চরিত্রকেন্দ্রিক গল্পে আগ্রহী নাও হতে পারেন।