দীর্ঘদিনের এই ঋণসংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে গত ৫ ফেব্রুয়ারি দিল্লির তিহাড় জেলে (Tihar Jail)-এ আত্মসমর্পণ করেন রাজপাল। শেষ মুহূর্তে আরও সময় চেয়ে জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত।
.jpeg.webp)
শেষ আপডেট: 16 February 2026 15:39
দ্য ওয়াল ব্যুরো: ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বড় স্বস্তি পেলেন অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দেওয়ার পর দিল্লি হাই কোর্ট (Delhi Highcourt) তাঁর জামিন মঞ্জুর করেছে। সর্বশেষ কিস্তিতে ১.৭৫ কোটি টাকা জমা দেন তিনি। এর আগে ৭৫ লক্ষ টাকা শোধ করেছিলেন। সব মিলিয়ে আদালতের নির্দেশ মেনে মোট ২.৫ কোটি টাকা জমা পড়েছে।
দীর্ঘদিনের এই ঋণসংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে গত ৫ ফেব্রুয়ারি দিল্লির তিহাড় জেলে (Tihar Jail)-এ আত্মসমর্পণ করেন রাজপাল। শেষ মুহূর্তে আরও সময় চেয়ে জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। বিচারপতি তাঁর বারবার প্রতিশ্রুতি ভঙ্গের আচরণে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
আইনজীবী ভাস্কর উপাধ্যায়ের দাবি, মূল ঋণের পরিমাণ ছিল ৫ কোটি টাকা। তবে সুদ, জরিমানা ও অন্যান্য খরচ যোগ হয়ে তা বেড়ে প্রায় ৯ কোটিতে পৌঁছায়। বকেয়া শোধ করতে একাধিক চেক ইস্যু করলেও সেগুলি বাউন্স হওয়ায় ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট’-এর অধীনে ফৌজদারি মামলা রুজু হয়।
২০১২ সালে পরিচালনায় নাম লেখান রাজপাল, পরিচালিত প্রথম ছবির নাম 'আতা পাতা লাপাতা' (Ata Pata Laapata)। তবে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় আর্থিক চাপ ক্রমশ বাড়তে থাকে বলে জানা যায়। সেই দেনাই পরবর্তীতে আইনি জটিলতায় রূপ নেয়।

অভিনেতার আত্মসমর্পণের পর বলিউডের একাধিক তারকা তাঁর পাশে দাঁড়িয়েছেন। সলমন খান (Salman Khan), অজয় দেবগণ (Ajay Devgn), সোনু সুদ (Sonu Sood) প্রমুখেরা আর্থিক সাহায্যে হাত বাড়িয়েছেন। সকলের সাহায্য আজ রাজপাল যাদব খানিক হলেও দেনা মুক্ত। তবে আইনি লড়াই চললেও আপাতত জামিনে মুক্ত হয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন রাজপাল যাদব।