আশা অডিওর ব্যানারে মুক্তি পেল শান ও অন্বেষার নতুন গান। খুব শীঘ্রই এর বাংলা সংস্করণও প্রকাশ পেতে চলেছে।

জারা জারা সা-র লঞ্চ
শেষ আপডেট: 14 January 2026 18:01
দ্য ওয়াল ব্যুরো: শানের নতুন গান এল আশা অডিওর হাত ধরে। এবার তিনি জুটি বেঁধেছেন অন্বেষা দত্তগুপ্তর সঙ্গে। সকলের অতি পরিচিত আশা অডিও ইন্ডিয়ার ব্যানারে গানটি রিলিজ হল সোমবার। গোলপার্কের একটি ক্যাফেতে উপস্থিত ছিলেন অন্বেষা, আশা অডিওর ম্যানেজিং ডিরেক্টর অপেক্ষা লাহিড়ী-সহ অন্যান্যরা।
রোম্যান্টিক গান ভ্যালেন্টাইনস ডে-র আগে অনুরাগীদের উপহার দিলেন শান ও অন্বেষা। এই গানটিতে শুধু অন্বেষার গলা শোনা যাবে এমন নয়, কথা ও সুরও তিনি দিয়েছেন। ‘জারা জারা সা...’ তাই অনেকটা বিশেষ তাঁর কাছে।
কেন হঠাৎ গানের পাশাপাশি সুর ও গান রচনাতেও মন দিলেন? প্রশ্ন করার আগেই সেকথা বলে দিলেন অন্বেষা। জানালেন, দাদা (শান) বার বার গান গাওয়ার পাশাপাশি গান সৃষ্টির কথা বলেন তাই এমন তো করতেই হত। বলেন, 'প্রথমে বাংলাটা তৈরি হয় এই গানের। তারপর হিন্দি। গানটা লিখেই মনে হয়েছিল দাদা গাইলে ভাল হয়। দাদাও শুনেই খুশি! গেয়ে ফেলল।'
এই গানের ভিডিও সোমবার দেখানো হয় সকলকে। অন্বেষাকেই দেখা যায় প্রেমিকার চরিত্রে। জীবনে প্রথম অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। জানান, এ এক অদ্ভুত অভিজ্ঞতা। আর ক্যামেরার সামনে তাঁর কাজ দেখে কে বলবে, এটিই ডেবিউ।
বন্ধুসম অন্বেষার কাজ করতে পেরে খুশি আশা অডিওর এমডি অপেক্ষাও। জানান, এটি তাঁদেরও কাছেও বিশেষ। এমন দুই বাঙালি শিল্পীর কাজ করতে পারা গর্বের।
‘জারা জারা সা’ ইতিমধ্যেই আশাঅডিও ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব (YouTube) চ্যানেলে মুক্তি পেয়েছে। পাশাপাশি সমস্ত প্রধান মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও (Music Streaming Platforms) শোনা যাচ্ছে। প্রেমের মরসুমে এই গান যে বহু প্লেলিস্টে জায়গা করে নেবে, তা বলাই বাহুল্য।