লাল লেহেঙ্গায় সাতপাক ঘুরে কৃষ পাঠককে বিয়ে করলেন সারা খান!

সারা খান, কৃষ পাঠক
শেষ আপডেট: 6 December 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশন অভিনেত্রী সারা খান (Sara Khan) অবশেষে তাঁর দীর্ঘদিনের প্রেমিক কৃষ পাঠককে (Krish Pathak) বিয়ে করলেন। এর আগে আইনি বিয়ে করলেও, এবার তাঁরা হিন্দু রীতিতে সাতপাক ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কৃষ পাঠক হলেন 'রামায়ণ' ধারাবাহিকে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করা সুনীল লহরীর পুত্র। সেই হিসেবে সারা খান হলেন পর্দার 'লক্ষ্মণ'-এর পুত্রবধূ।
শুক্রবার, ৫ ডিসেম্বর, মুম্বইয়ে হাতে গোনা কিছু বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান হয়। গায়ে হলুদ থেকে শুরু করে মালাবদল, সিঁদুরদান সব হিন্দু আচার মেনেই বিয়ে করেন তাঁরা।
'বিদাই' ধারাবাহিক খ্যাত সারা খান বিয়ের অনুষ্ঠানে লাল লেহেঙ্গা এবং মানানসই সোনা ও কুন্দনের গয়নায় সেজেছিলেন। আওয়েজ দরবার, নগমা মিরাজকার, ফলক নাজ, রাজীব ঠাকুর এবং দীপশিখা নাগপালের মতো টেলিভিশন তারকারা বিয়েতে উপস্থিত ছিলেন।
তবে এই বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় পুরনো বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। মুসলিম হয়ে হিন্দু পাত্রকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় সারাকে আবার সমালোচিত হতে হলো। একাংশ তাঁকে 'জাহান্নমে যাও'-এর মতো কটাক্ষও শুনতে হয়েছে।
এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় 'হ্যাপি ওয়েডিং লাইফ' লিখলে, অনেকে 'বিগ বস'-এর ঘরে আলির সঙ্গে তাঁর আগের বিয়ের কথা মনে করিয়ে খোঁচা দেন। যদিও এই সমস্ত কটাক্ষ বা সমালোচনা নিয়ে সারার কোনও মাথাব্যথা নেই, সেটা তাঁর বিয়ের আসরের হাসি দেখেই বোঝা যায়। বিয়ের পর আমন্ত্রিত অতিথিদের জন্য এই নতুন দম্পতি একটি রিসেপশনেরও আয়োজন করেছিলেন।