টলিপাড়ায় এখন দুটো নাম বেশ ঘুরছে — রণজয় বিষ্ণু আর শ্যামৌপ্তি মুদলি। কয়েক মাস ধরেই নানা অনুষ্ঠান, জন্মদিনের পার্টি, আড্ডা আর ছোটখাটো সারপ্রাইজে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে।

শেষ আপডেট: 26 December 2025 13:58
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় এখন দুটো নাম বেশ ঘুরছে — রণজয় বিষ্ণু আর শ্যামৌপ্তি মুদলি (Ranojoy Bishnu, shyamoupti mudly)। কয়েক মাস ধরেই নানা অনুষ্ঠান, জন্মদিনের পার্টি, আড্ডা আর ছোটখাটো সারপ্রাইজে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। তাই দু’জনকে নিয়ে কানাঘুষো নতুন নয়। তবে ক্রিসমাসের আগে যে ছবিটা সামনে এল, তা এই চর্চাকে একেবারে নতুন গতি দিল।
বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন রণজয়। জায়গাটা নাকি কোনও খোলা ছাদ। কিন্তু ছবিতে ছাদ নেই, আছে বরফ পড়ার দৃশ্য, আলোঝলমলে ক্রিসমাসের মুড আর একেবারে সিনেম্যাটিক আবহ — সবই এআইয়ের ছোঁয়ায় তৈরি। সেই ফ্রেমে সান্টার পোশাক, টুপি আর রোদচশমায় ধরা দিয়েছেন রণজয়। পাশে কালো পোশাকে, চোখে রোদচশমা — শান্ত কিন্তু আলাদা করে নজর কাড়ছেন শ্যামৌপ্তি।
ছবির সঙ্গে রণজয়ের মজার ক্যাপশনও আলাদা করে চোখে পড়েছে। ‘রঙ্কিনী ভবন’-এর জনপ্রিয় মুখ শ্যামৌপ্তি নাকি এতটাই ব্যস্ত যে ধরা পাওয়া যাচ্ছে না, তাই সান্তাদাকে পাঠিয়ে তাঁকে ধরে আনা হয়েছে — এই রসিকতায় ভর করেই রণজয় অনুরাগীদের জি ফাইভে গিয়ে সিরিজটা দেখতে ডাক দিয়েছেন।
ছবি পোস্ট হতেই নেটদুনিয়ায় মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, এখনও সিরিজ দেখা হয়নি কিন্তু এবার দেখতেই হবে। কেউ আবার লিখছেন, এই ছবিটা দেখার অপেক্ষাতেই ছিলেন। আবার কেউ মজা করে বলেছেন, ‘গুড্ডি’র অনুজকে অন্য কারও সঙ্গে মানায় না — তবে এই ছবিতে বেশ মানিয়েছে। ভালোবাসা, খুনসুটি আর আবেগে ভরে উঠেছে কমেন্ট বক্স।
যদিও এই সম্পর্ক নিয়ে শ্যামৌপ্তির অবস্থান বেশ সংযত। তিনি একে বন্ধুত্ব বলেই ব্যাখ্যা করেছেন। বয়সের ফারাকও কম নয় — শ্যামৌপ্তির জন্ম ২০০২ সালের ৪ নভেম্বর, অর্থাৎ তাঁর বয়স এখন ২৩। রণজয়ের জন্ম ১৯৮৮ সালের মার্চে, ফলে দু’জনের বয়সের ব্যবধান প্রায় ১৪ বছর।
তবু সোশ্যাল মিডিয়ার একফ্রেমেই আপাতত সব উত্তর মিলে যাচ্ছে না, বরং প্রশ্ন বাড়ছে। বন্ধুত্ব হোক বা অন্য কিছু — রণজয় আর শ্যামৌপ্তিকে একসঙ্গে দেখতে যে দর্শকের বেশ ভালোই লাগছে, সেটা এই ক্রিসমাস ছবিই প্রমাণ করে দিল।