দেবের (Dev) বিপরীতে নায়িকা হিসেবে আলোচনায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিক। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের মাধ্যমে যিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছেন, তাঁর জন্য এই ছবি হতে পারে বড়পর্দায় গুরুত্বপূর্ণ পদার্পণ।

দেব ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’!
শেষ আপডেট: 25 December 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: টলিউডে ফের একবার বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প জায়গা নিতে চলেছে বড়পর্দায়। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, মেগাস্টার দেবকে দেখা যেতে পারে উত্তরবঙ্গের মানবিক মুখ ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ করিমূল হকের চরিত্রে (Dev Bike Ambulance Dada)। যিনি নিজের মোটরবাইককে অ্যাম্বুল্যান্সে বদলে দুর্গম গ্রাম থেকে অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য জীবন বাঁচিয়েছেন, সেই অসাধারণ মানবিক যাত্রাই এবার সিনেমার গল্প হতে চলেছে।
ছবিটির সম্ভাব্য নাম শোনা যাচ্ছে #BAD (Bike Ambulance Dada)। এই ছবিতে দেব ধরা দেবেন একেবারে আলাদা অবতারে — কোনো গ্ল্যামার নয়, কোনো অতিরঞ্জিত নায়কোচিত রূপ নয়, বরং এক সাধারণ মানুষের লড়াই, যিনি নিজের ব্যক্তিগত ক্ষতকে শক্তিতে বদলে সমাজের পাশে দাঁড়ান। করিমূল হকের (Karimul Haque biopic) জীবনের মোড় ঘোরে ১৯৯৫ সালে, যখন সময়মতো অ্যাম্বুল্যান্স না পেয়ে তিনি তাঁর মাকে হারান। সেই শোক থেকেই জন্ম নেয় তাঁর সংকল্প — আর কাউকে যেন এমন অসহায়তার মধ্যে পড়তে না হয়। এরপর থেকেই তিনি নিজের বাইক দিয়েই অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন এবং আজও নিঃস্বার্থভাবে সেই দায়িত্ব পালন করে চলেছেন।
দেবের (Dev) বিপরীতে নায়িকা হিসেবে আলোচনায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিক। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের মাধ্যমে যিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছেন, তাঁর জন্য এই ছবি হতে পারে বড়পর্দায় গুরুত্বপূর্ণ পদার্পণ। এই নতুন জুটিকে ঘিরেও দর্শকদের কৌতূহল তুঙ্গে।
করিমূল হকের এই অসাধারণ মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ২০১৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। বহু মানুষের কাছে তিনি শুধুই একজন সমাজকর্মী নন, বরং সংকটের সময়ে একমাত্র ভরসার নাম।
যদিও এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা বা নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শোনা যাচ্ছে ছবিটি মুক্তি পেতে পারে পরের বছরের বড়দিনে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, এটি দেবের কেরিয়ারে হতে পারে একেবারে অন্য ধরনের, সংবেদনশীল ও মানবিক স্পর্শে ভরা একটি গুরুত্বপূর্ণ ছবি।