সব বিতর্ক আর 'ট্রোলিং' নিয়ে সপাট জবাব দিলেন সময় (Samay Raina on BeerBiceps controversy)। শুধু তাই নয়, ভক্তদের জন্য বড় খবরও দিলেন তিনি - ফিরছে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর নতুন সিজন (India's Got Latent Season 2)।

সময় রায়না
শেষ আপডেট: 8 April 2026 12:54
দ্য ওয়াল ব্যুরো: মাস কয়েক আগে উত্তাল হয়েছিল নেটপাড়া। জনপ্রিয় পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia) ওরফে ‘বিয়ার বাইসেপস’-এর একটি বিতর্কিত মন্তব্য (BeerBiceps Controversy)-কে কেন্দ্র করে রীতিমতো পুলিশ-কাছারি পর্যন্ত গড়িয়েছিল সময় রায়না (Samay Raina)-র ইউটিউব শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ (India's Got Latent)।
তবে এবার সেই সব বিতর্ক আর 'ট্রোলিং' নিয়ে সপাট জবাব দিলেন সময় (Samay Raina on BeerBiceps controversy)। সাফ জানালেন, “আমরা কাশ্মীরিরা তো চিরকাল ক্রসফায়ারেই মরেছি!” শুধু তাই নয়, ভক্তদের জন্য বড় খবরও দিলেন তিনি— ফিরছে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর নতুন সিজন (India's Got Latent Season 2)।
মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে ১ ঘণ্টা ২১ মিনিটের একটি স্পেশাল শো ‘স্টিল অ্যালাইভ’ (Still Alive) পোস্ট করেছেন সময়। সেখানেই প্রথমবারের জন্য গত ফেব্রুয়ারির সেই বিভীষিকাময় অধ্যায় নিয়ে মুখ খুললেন তিনি।
বিতর্কিত সেই সময়টা স্মরণ করে সময় রায়না বলেন, “রণবীরকে তো আমি ‘দ্য মঙ্ক হু সোল্ড মাই ফেরারি’ বলি! সেই এপিসোডে আমি তো কিচ্ছু বলিনি, স্রেফ কোণায় শান্ত হয়ে বসেছিলাম। কিন্তু খেসারত দিতে হল আমাকেও। আমরা কাশ্মীরিরা আসলে চিরকালই ওই ক্রসফায়ারের মাঝখানে পড়ে প্রাণ দিই। একটা জোক আপনাদের ভাল লাগেনি বলে যে পরিমাণে তুলকালাম করা হল, সেটা অভাবনীয়।”
সময় তাঁর কমেডি স্টাইলেই বিঁধেছেন বিয়ারবাইসেপসকেও। তিনি বলেন, “গোটা দেশ যখন ওর (রণবীর) পিছনে পড়েছিল, আমি ঠিক করেছিলাম শেষ পর্যন্ত ওকে ডিফেন্ড করব। কিন্তু ও যে ধরনের জোক শুনিয়েছিল, সেটা আমি নিজের বাড়িতেই ডিফেন্ড করতে পারিনি!” সময় আরও মনে করিয়ে দেন যে একজন পাবলিক ফিগার যখন কিছু বলে কাউকে আঘাত করেন, তখন শাস্তি হিসেবে তিনি একজন দর্শককে হারান। কিন্তু তার জন্য পুলিশের দ্বারস্থ হওয়া বা হেনস্থা করাটা অস্বাভাবিক।
২০২৫ সালের সেই বিতর্কের কেন্দ্রে ছিলেন রণবীর এলাহাবাদিয়া। যৌনতা এবং অভিভাবকদের নিয়ে রণবীরের একটি করা মন্তব্যে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। অভিযোগ উঠেছিল নারীদের সম্মানহানির। জল গড়িয়েছিল মহিলা কমিশন ও সংসদ পর্যন্ত।
বিতর্ক চলাকালীন সুনীল পাল থেকে শুরু করে বি প্রাক - অনেকেই সময় এবং তাঁর শো-এর নিন্দা করেছিলেন। সময় তাঁদেরও ছেড়ে কথা বলেননি। তাঁর টিপ্পনি, “সুনীল পাল বলেছিলেন কপিল শর্মার থেকে শিখতে! অথচ পরের এপিসোডেই কিন্তু কপিল পাজির (শর্মা) আসার কথা ছিল। আসলে তখন ওই মরা লাশের গায়ে লাথি মেরে লাইমলাইটে আসার একটা ধুম পড়ে গিয়েছিল।” এমনকি অভিনেতা মুকেশ খান্নার ('শক্তিমান' চরিত্রখ্যাত) করা সমালোচনার উত্তরে সময়ের বিদ্রুপ, “শক্তিমানও আমাদের নীতিশিক্ষা দিচ্ছেন! উনি তো গোল গোল ঘুরে কত বাচ্চার প্রাণ নিয়েছেন, উনি আবার নীতি শেখাচ্ছেন কী করে?”
তবে সব বিতর্ক ছাপিয়ে সময়ের সাম্প্রতিক এই ভিডিওর মূল আকর্ষণ ছিল তাঁর ‘সারভাইভাল’ বা টিকে থাকার দর্শন। কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের প্রসঙ্গের রেশ টেনে তিনি বলেন, “আমার বাবা-মায়েরা যদি সেদিন উপত্যকায় থেকে অস্ত্র তুলতেন, তাহলে আজ আমি থাকতাম না। পিঠ বাঁচাতে পালানো অনেক সময় টিকে থাকার জন্য জরুরি। আজ আমরা বেঁচে আছি বলেই তো আবার নতুন করে সব শুরু করতে পারছি।” ইন্টারনেটের জগত যে একটা সাজানো নাটক এবং এখানে কাজ করা মানেই যে প্রতিদিন অন্তত তিনটি এফআইআর হওয়ার ঝুঁকি নিয়ে চলা, সে কথা হাসিমুখেই স্বীকার করেছেন তিনি।
সবশেষে ভক্তদের জন্য সুখবর শুনিয়ে সময় রায়নার ঘোষণা, “আমি ভেবেছিলাম শো-টা হয়তো ওখানেই শেষ হয়ে গেল। কিন্তু না, ওটা ছিল সিজন ১-এর শেষ। আমি নতুন সিজন নিয়ে ফিরছি। কারণ শো-টা করতে আমি প্রচণ্ড মজা পাই এবং যতদিন বেঁচে থাকব, এভাবেই পাগলামি করে যাব।”
প্রসঙ্গত, সেই সময়কার সেই বিপুল জনরোষ, এফআইআর আর তীব্র সমালোচনার মুখে পড়ে শো-টির ১৮টি এপিসোডই ইউটিউব থেকে মুছে দিতে বাধ্য হয়েছিলেন কমেডিয়ান সময় রায়না। তবে এবার যে নতুন ভাবে আবার তিনি হাজির হতে চলেছেন, তা নিয়ে যে দর্শকরা মুখিয়েও রয়েছেন, বলাই বাহুল্য।