সূত্রের খবর, বাদশা অঙ্গীকার করেছেন যে তিনি ৫০ জন কন্যাসন্তানের পড়াশোনার সমস্ত খরচ বহন করবেন। পাশাপাশি মহিলাদের কল্যাণে বিভিন্ন সামাজিক কাজে তহবিল সংগ্রহের উদ্যোগও নেবেন তিনি।

র্যাপার বাদশা
শেষ আপডেট: 7 April 2026 19:03
দ্য ওয়াল ব্যুরো: নিজের গাওয়া গানের কথা ও দৃশ্যায়নে ‘অশ্লীলতা’র অভিযোগ (Tateeree song controversy)। সেই বিতর্কের জেরেই মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের (NCW) দফতরে হাজিরা দিতে হল জনপ্রিয় র্যাপার বাদশাকে। কমিশনের তলব পেয়ে এদিন সশরীরে উপস্থিত হয়ে নিজের কৃতকর্মের জন্য লিখিতভাবে ক্ষমা (Badshah apology) চেয়েছেন তিনি।
তবে শুধু ক্ষমাপ্রার্থনা নয়, বিতর্কের আঁচ নেভাতে এবং নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতে একগুচ্ছ বড় প্রতিশ্রুতিও দিয়েছেন এই সঙ্গীতশিল্পী। বাদশা কমিশনকে জানিয়েছেন, আগামী চার মাসের মধ্যে তিনি নারী ক্ষমতায়ন বা ‘উইমেন এমপাওয়ারমেন্ট’ নিয়ে একটি বিশেষ গান তৈরি করবেন (Women empowerment song)।
এখানেই শেষ নয়, সূত্রের খবর, বাদশা অঙ্গীকার করেছেন যে তিনি ৫০ জন কন্যাসন্তানের পড়াশোনার সমস্ত খরচ বহন করবেন। পাশাপাশি মহিলাদের কল্যাণে বিভিন্ন সামাজিক কাজে তহবিল সংগ্রহের উদ্যোগও নেবেন তিনি। বাদশার আইনজীবী অক্ষয় দাহিয়া জানিয়েছেন, কমিশনকে ইতিবাচক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিল্পী।
গত মার্চ মাসে মুক্তি পেয়েছিল বাদশার গান ‘তাতীরি’ (Tateeree)। গানটি প্রকাশ্যে আসার পরেই চারদিকে নিন্দার ঝড় ওঠে। অভিযোগ ওঠে, গানের কথা এবং ভিডিও - দুই ক্ষেত্রেই মহিলাদের অত্যন্ত কুরুচিকর এবং যৌন ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। এর আগেও হরিয়ানায় এই গানের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছিল এবং রাজ্য মহিলা কমিশনও কড়া ব্যবস্থা নিয়েছিল। প্রতিবাদের মুখে পড়ে গানটি সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয় এবং বাদশা এর আগেই একবার জনসমক্ষে ক্ষমা চেয়েছিলেন। তবে কেন্দ্রীয় মহিলা কমিশন বিষয়টি হালকাভাবে নেয়নি।
এই ঘটনাটি ফের একবার বিনোদন জগতে নারীদের কুরুচিকরভাবে প্রদর্শনের আইনি দিকগুলিকে সামনে নিয়ে এসেছে। বাদশার বিরুদ্ধে ‘ইন্ডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন (প্রোহিবিশন) অ্যাক্ট, ১৯৮৬’ এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় মামলা খতিয়ে দেখা হতে পারে। এছাড়া ভারতীয় দণ্ডবিধির ২৯২ এবং ২৯৪ ধারায় অশ্লীল কাজ ও সামগ্রী প্রচারের যে কঠোর আইনি সংস্থান রয়েছে, তাও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
জাতীয় মহিলা কমিশন বাদশার দেওয়া প্রতিশ্রুতিগুলো খতিয়ে দেখছে। তবে প্রশ্ন উঠছে, সত্যিই কি চার মাসের মধ্যে নারীশক্তির জয়গান গেয়ে নিজের ভুল সংশোধন করবেন বাদশা? নাকি আইনি চাপ থেকে বাঁচতেই এই তাৎক্ষণিক প্রতিশ্রুতি? উত্তর দেবে সময়। আপাতত ‘তাতীরি’-র অশ্লীলতা কাটিয়ে বাদশার নতুন গান এবং সমাজসেবামূলক কাজের দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।