গানটির বিষয়বস্তু ঘিরে ইতিমধ্যেই হরিয়ানা (Haryana)-র বিভিন্ন থানায় একাধিক এফআইআর দায়ের হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয় যখন হরিয়ানার মহিলা রাজ্য কমিশন (Haryana State Commission for Women) শিল্পীর বিরুদ্ধে গ্রেফতারের দাবি তোলে। কারণ একাধিক সমন পাওয়ার সত্ত্বেও তিনি হাজিরা দেননি।

শেষ আপডেট: 24 March 2026 12:25
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় র্যাপার বাদশা -এর বিতর্কিত গান ‘টাটেরি’কে কেন্দ্র করে কড়া পদক্ষেপ করল হরিয়ানার পুলিশ প্রশাসন। ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে গানটি সরাতে বড়সড় অভিযান চালানো হয়েছে। পঞ্চকুলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৮৫৭টি লিংক মুছে ফেলা হয়েছে, যার মধ্যে ইউটিউব (YouTube)-এর ১৫৪টি ভিডিও এবং ইন্টাগ্রামের (Instagram)৭০৩টি রিল রয়েছে।
গানটির বিষয়বস্তু ঘিরে ইতিমধ্যেই হরিয়ানা (Haryana)-র বিভিন্ন থানায় একাধিক এফআইআর দায়ের হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয় যখন হরিয়ানার মহিলা রাজ্য কমিশন (Haryana State Commission for Women) শিল্পীর বিরুদ্ধে গ্রেফতারের দাবি তোলে। কারণ একাধিক সমন পাওয়ার সত্ত্বেও তিনি হাজিরা দেননি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গানটির ভিডিওকে ‘আপত্তিকর’, ‘অশালীন’ ও ‘নারী-বিরোধী’ বলে চিহ্নিত করা হয়েছে। বিশেষত, রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুলপড়ুয়া ছাত্রীদের এই গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ আরও বেড়েছে।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সমন্বয় রেখে আইনি প্রক্রিয়া মেনে গানটির সবরকমের রিআপলোড, শর্ট ভিডিও, এডিটেড ক্লিপ—মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের দাবি, নারীদের এবং অপ্রাপ্তবয়স্কদের নিয়ে অশালীন বা অসম্মানজনক কোনও কনটেন্ট যাতে ছড়িয়ে না পড়ে, সেটাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
হরিয়ানার ডিজিপি অজয় সিংঘল (Ajay Singhal) স্পষ্ট জানিয়েছেন, নারী ও নাবালিকাদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনও বিষয়বস্তু বরদাস্ত করা হবে না। এই ধরনের ঘটনায় কড়া আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বর্তমানে সেক্টর-২০ সাইবার থানায় দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে তদন্ত চলছে। পুলিশ টিমগুলি অনলাইনে ছড়িয়ে থাকা সংশ্লিষ্ট কনটেন্টের উপর নজরদারি চালাচ্ছে এবং যাঁরা এই গান প্রচারে যুক্ত, তাঁদের চিহ্নিত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।