২০২৫ সালে সিবিআই ওয়াংখেড়ে-সহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি, ষড়যন্ত্র ও অর্থ আদায়ের অভিযোগে মামলা করে। পরে ইডিও (Enforcement Directorate) এই মামলায় আর্থিক কেলেঙ্কারির তদন্ত শুরু করে।

ঘুষ নেওয়ায় অভিযুক্ত সমীর ওয়াংখেড়ে
শেষ আপডেট: 24 March 2026 10:21
দ্য ওয়াল ব্যুরো: মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতারির পর থেকেই আলোচনায় উঠে এসেছেন প্রাক্তন এনসিবি অফিসার (Narcotics Control Bureau) সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। আরিয়ান জেলমুক্তি পেলেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। তার মধ্যেই আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) সমীরের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা করে। অভিযোগ, আরিয়ান খানকে (Aryan Khan) ছাড়ার জন্য শাহরুখের কাছে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। সোমবার এই মামলার শুনানিতে বোম্বে হাইকোর্টে (Bombay High Court) সত্যিটা জানালেন সমীর ওয়াংখেড়ে।
২৩ মার্চ হাইকোর্টে তিনি দাবি করেন, 'অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এমন কোনও কথাই শাহরুখ খান (Shah Rukh Khan) কেন, কারও সঙ্গেই হয়নি।' একইসঙ্গে তাঁর আইনজীবী বলেন, "এফআইআর–এ যাঁদের নাম আছে, তাঁরা ব্যক্তিগতভাবে কারও সঙ্গে লেনদেন করে থাকলে তার দায় সমীর ওয়াংখেড়ের নয়। তাঁর বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার কোনও প্রমাণ তদন্তকারী সংস্থা দেখাতে পারেনি।"
ওয়ানখেড়ের সাফাই: “এক টাকাও নিইনি”
সিবিআই-এর এফআইআর–এ অভিযোগ, ২০২১ সালের ক্রুজ মাদক মামলায় আরিয়ান খানের নাম সরানোর বিনিময়ে সমীর ওয়াংখেড়ে নাকি ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। আদালতে তাঁর আইনজীবী জানান, এ সব অভিযোগ ভিত্তিহীন, ওয়াংখেড়ে কোনওভাবেই ঘুষ দাবি করেননি বা কারও মাধ্যমে করানওনি।
২০২১ সালের সেই বহুলচর্চিত ক্রুজ অভিযান
২০২১ সালে কর্ডেলিয়া ক্রুজে এনসিবির অভিযানে আরিয়ান খানকে (Aryan Khan) প্রথমে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়, দীর্ঘ হইচইয়ের পর তিনি জামিন পান এবং শেষ পর্যন্ত সব অভিযোগ থেকেও মুক্ত হন।
সেই মামলাতেই পরে ওঠে অভিযোগ, শাহরুখ খানের পরিবারকে চাপ দিয়ে বিশাল অঙ্কের টাকা তুলতে চেয়েছিল একটি চক্র, যেখানে তৎকালীন এই এনসিবি অফিসারের নামও জড়িয়ে দেওয়া হয়।
সিবিআই ও ইডির তদন্ত
২০২৫ সালে সিবিআই ওয়াংখেড়ে-সহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি, ষড়যন্ত্র ও অর্থ আদায়ের অভিযোগে মামলা করে। পরে ইডিও (Enforcement Directorate) এই মামলায় আর্থিক কেলেঙ্কারির তদন্ত শুরু করে।
আদালতের পর্যবেক্ষণ
আগেও বোম্বে হাইকোর্ট ওয়াংখেড়েকে গ্রেফতারি-সহ কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সুরক্ষা এখনও বহাল রয়েছে।
কয়েকমাস আগেই মুক্তি পায় আরিয়ান খানের বলিউড কেরিয়ারের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ 'ব্যাডস অফ বলিউড'। তারপরই সমীর দিল্লি হাইকোর্টে অভিযোগ জানাতে পৌঁছেছিলেন শাহরুখের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। তাঁর অভিযোগ, আরিয়ানের তৈরি ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নাকি ইচ্ছে করেই পরিকল্পনা করে বানানো হয়েছে, যাতে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই অভিযোগে তিনি শাহরুখ এবং আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেন। তবে দিল্লি হাই কোর্ট তাঁর সেই আবেদন সরাসরি খারিজ করে দেয়।