‘ব্যাটল অফ গালওয়ান’ থেকে ‘মাতৃভূমি’—সলমন খানের নতুন ছবির নাম বদল ও মুক্তি পিছোনোর কারণ জানুন। কবে মুক্তি পাবে ছবিটি?

সলমন খান
শেষ আপডেট: 8 April 2026 15:57
দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার সলমন খান-এর (Salman Khan) আসন্ন ছবি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। ‘ব্যাটল অফ গালওয়ান’ নামে ঘোষিত এই ছবির নাম বদলে এখন রাখা হয়েছে ‘মাতৃভূমি’ (Matrubhumi)। নাম পরিবর্তন ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা তৈরি হলেও, এর পিছনে রয়েছে ভিন্ন কারণ।
পরিচালক অপূর্ব লাখিয়া-এর এই ছবিটি শুরু থেকেই শুধুমাত্র যুদ্ধভিত্তিক সিনেমা হিসেবে ভাবা হয়নি। যদিও ছবির পটভূমি ২০২০ সালের ভারত-চীন সংঘর্ষ, তবে এর মূল উদ্দেশ্য যুদ্ধ নয়, বরং শান্তির বার্তা তুলে ধরা।
সূত্রের খবর, ছবির ক্ষেত্রে সলমন খানের একটি স্পষ্ট শর্ত ছিল, এই সিনেমাকে কোনওভাবেই অন্ধ জাতীয়তাবাদের রূপ দেওয়া যাবে না। ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো ছবিতে যেমন মানবতা ও সহমর্মিতার বার্তা দিয়েছেন, এখানেও তিনি সেই ভাবনাকেই গুরুত্ব দিয়েছেন। সলমন বরাবরই এমন গল্প বেছে নিতে চান, যা মানুষকে একত্র করে, বিভাজন তৈরি করে না।
প্রথমে ছবির নাম এবং টিজারের কারণে অনেকের মনে হয়েছিল এটি কেবল গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি একটি অ্যাকশন সিনেমা। টিজারে যুদ্ধের প্রস্তুতিতে সলমন খানকে দেখানোয় সেই ধারণা আরও জোরালো হয়। কিন্তু এই ভুল ধারণা দূর করতেই ছবির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন স্লোগান রাখা হয়েছে—“May war rest in peace”, যা ছবির মূল বার্তাকেই তুলে ধরে।
ছবিটির মুক্তির তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে। আগে ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও, শুটিংয়ে দেরি এবং কিছু অংশ পুনরায় ধারণের কারণে তা সম্ভব হয়নি। নতুন মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি। তবে ট্রেড বিশেষজ্ঞদের মতে, ভারত ও সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে স্বাধীনতা দিবসের সময়, অর্থাৎ ১৫ আগস্টের কাছাকাছি ছবিটি মুক্তি পেতে পারে।সব মিলিয়ে, ‘মাতৃভূমি’ ছবির মাধ্যমে নতুন ভাবে দর্শকদের সামনে আসতে চলেছেন সলমন খান, আর সেই অপেক্ষাতেই এখন মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা।