আরও বড় চমক রইল ছবির কাস্টিংয়ে। এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনকে। দক্ষিণী ও বলিউড—দুই ইন্ডাস্ট্রির দুই বড় তারকার এই জুটি নিঃসন্দেহে ছবির আকর্ষণ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
.jpeg.webp)
শেষ আপডেট: 8 April 2026 14:39
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)-এর জন্মদিন বলে কথা। এদিন অনুরাগীদের জন্যে বিশেষ চমক থাকবে না, তা কি হয়? ফলে দিনক্ষণ দেখেই সামনে এল তাঁর নতুন ছবির ঝলক। পরিচালক অ্যাটলি-র সঙ্গে তাঁর বহু প্রতীক্ষিত ছবির নাম অবশেষে ঘোষণা করা হল—রাকা। এতদিন ‘AA22xA6’ নামে পরিচিত এই প্রোজেক্ট নতুন শিরোনাম পেতেই অনুরাগীদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে।
এ ছবির নামের মধ্যেই লুকিয়ে রয়েছে চিত্রনাট্যের ইঙ্গিত। তেলুগু ভাষায় ‘রাকা’ শব্দের অর্থ ‘আগমন’ বা ‘আসা’। সাধারণ অর্থে কারও কোথাও আসা বা আগমন বোঝালেও, সিনেমার প্রেক্ষিতে এর তাৎপর্য অনেক গভীর—কোনও শক্তিশালী বা প্রভাবশালী চরিত্রের প্রবেশ, কিংবা বড় কোনও পরিবর্তনের সূচনাকে ইঙ্গিত করা হয়েছে বলে এক শ্রেণির অনুমাণ। ফলে ছবির নামই যেন গল্পের বেশকিছুটা আভাস দিয়ে গেল।
শুধু নাম নয়, ছবির প্রথম লুক পোস্টারও চমকে দিয়েছে সকলকে। পোস্টারে দেখা যাচ্ছে, এক পশমে ঢাকা নখওয়ালা হাত আংশিক ঢেকে রেখেছে আল্লু অর্জুন-এর মুখ। কাজল টানা চোখে তীক্ষ্ণ দৃষ্টি, সঙ্গে রুক্ষ, প্রায় অর্ধেক মাথায় চুল, স্টানিং লুক—সব মিলিয়ে এক অস্বস্তিকর অথচ আকর্ষণীয় আবহ তৈরি হয়েছে। তাঁর এই রূপ আগে কখনও দেখেননি দর্শকরা।
আরও বড় চমক রইল ছবির কাস্টিংয়ে। এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনকে। দক্ষিণী ও বলিউড—দুই ইন্ডাস্ট্রির দুই বড় তারকার এই জুটি নিঃসন্দেহে ছবির আকর্ষণ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
পুষ্পা সিরিজের বিপুল সাফল্যের পর সাধারণত সেই ঘরানাতেই ফেরার সম্ভাবনা থাকে। কিন্তু আল্লু অর্জুন যেন সচেতনভাবেই অন্য পথে হাঁটছেন। অ্যাটলি-র পরিচালনায় রাকা যে একেবারে ভিন্ন স্বাদের কিছু হতে চলেছে, তার ইঙ্গিত মিলছে প্রথম ঝলকেই।
সব ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পাবে এই ছবি। আপাতত নাম আর লুকেই যে উত্তেজনার পারদ চড়েছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, ‘রাকা’-র এই আগমন ঠিক কতটা ঝড় তোলে বড় পর্দায়।