‘ব্যাটল অফ গালওয়ান’-এর ঝলকের পরই নতুন চর্চা। জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে-র সঙ্গে নতুন ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছেন সলমন খান।

সলমন খান
শেষ আপডেট: 7 January 2026 00:04
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই ‘ব্যাটল অফ গালওয়ান’-এর ঝলক প্রকাশ্যে এনে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন সলমন খান (Salman Khan)। দেশাত্মবোধক এই ছবির কয়েক সেকেন্ডের ফুটেজ ঘিরেই আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গিয়েছে টানা কয়েক দিন। শুধু ভারতেই নয়, ‘গালওয়ান’-এর ঝলক দেখে নাকি চিনও নড়েচড়ে বসেছে, এমন দাবিও উঠেছে। এই আবহেই টিনসেল টাউনে ভেসে এল আরও এক বড় খবর, যা সলমন-অনুরাগীদের কৌতূহল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
ঘনিষ্ঠ সূত্রের খবর, জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এর পরিচালকদ্বয় রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে-র সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সলমন খান। সম্প্রতি এই পরিচালক জুটির সঙ্গে ভাইজানের একটি বৈঠক হয়েছে বলেই জানা যাচ্ছে। সেই সাক্ষাতে দু’পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে এবং নতুন ছবির চিত্রনাট্য সলমনের বেশ পছন্দও হয়েছে।
শোনা যাচ্ছে, রাজ অ্যান্ড ডিকে এবার কৌতুকের মোড়কে একটি অ্যাকশন ছবি বানানোর পরিকল্পনা করছেন। আর সেই ছবির কেন্দ্রীয় চরিত্রের জন্য তাঁদের পছন্দের তালিকায় প্রথম নাম সলমন খান। যদিও আপাতত সবটাই প্রাথমিক স্তরে। কানাঘুষো বলছে, প্রস্তাবে পুরোপুরি না বলছেন না সলমন, তবে এখনই চূড়ান্ত সম্মতি দেননি। তার আগে চিত্রনাট্যে নিজের মতো করে কিছু ‘টুইস্ট’ যোগ করতে চান তিনি।
অন্যদিকে, পরিচালকদ্বয়ও এই ছবিটিকে বড় পরিসরে তৈরি করতে চাইছেন। গল্প, চরিত্র ও অ্যাকশন, সব মিলিয়ে একেবারে আলাদা ধাঁচের প্রজেক্ট হিসেবেই তাঁরা ভাবছেন ছবিটিকে। তবে সবকিছুই এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
সূত্রের দাবি, সব কিছু ঠিকঠাক চললে ২০২৬ সালের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হতে পারে। যদিও সেটাও অনেকটাই নির্ভর করছে সলমন খানের শিডিউলের উপর। আপাতত চিত্রনাট্যকে আরও ঝকঝকে করে তোলার কাজেই ব্যস্ত রাজ অ্যান্ড ডিকে।
এই গুঞ্জন যদি বাস্তবে রূপ নেয়, তা হলে ২০২৬ সাল সলমন খানের কেরিয়ারে বড় মোড় আনতে পারে বলেই মনে করছে ইন্ডাস্ট্রি। কারণ এর আগে ‘ফ্যামিলি ম্যান’, ‘ফরজি’, ‘সিটাডেল: হানি বানি’-র মতো একাধিক সফল প্রজেক্ট উপহার দিয়েছেন রাজ অ্যান্ড ডিকে। এবার তাঁদের ক্যামেরায় অ্যাকশন অবতারে ভাইজানকে দেখার অপেক্ষায় ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন দর্শকরা।