ব্যাঙ্কে কোটি কোটি টাকা, তবু ৪০ বছর ধরে ভাড়া বাড়িতেই সংসার! কেন নিজের নামে একটাও বাড়ি কেনেননি অনুপম খের?

অনুপম খের
শেষ আপডেট: 6 January 2026 21:25
দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, জীবনে অভাবের কোনও ছোঁয়া নেই। তবু মুম্বইয়ে টানা ৪০ বছর কাটিয়েও নিজের নামে একটি বাড়িও কেনেননি অনুপম খের (Anupam Kher)। কেন এমন সিদ্ধান্ত? দীর্ঘ দিনের এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন অভিনেতা।
অনুপমের স্পষ্ট বক্তব্য, শুরু থেকেই তিনি ঠিক করে নিয়েছিলেন, যাই হোক, বাড়ি কেনার পথে হাঁটবেন না। তাঁর কথায়, “আমি প্রথম থেকেই ভেবেছিলাম, বাড়ি কিনব না। কার জন্য কিনব? ভাড়া দাও, সেখানে থাকো। যে টাকা দিয়ে বাড়ি কেনার কথা ভাবছ, সেই টাকাটা বরং নিজের অ্যাকাউন্টে রাখো। আর বেঁচে যাওয়া টাকায় ভাড়া দাও।” এখানেই থামেননি তিনি। অভিনেতার মতে, মানুষের কল্যাণে সেই অর্থ ব্যয় করাই অনেক বেশি অর্থবহ।
নিজের জন্য কোনও বাড়ি না কিনলেও, মায়ের ইচ্ছেকে গুরুত্ব দিতে ভোলেননি অনুপম। শিমলাতে মায়ের জন্য কিনে দিয়েছেন আটটি ঘর বিশিষ্ট একটি বড় বাড়ি। অভিনেতা জানান, তাঁর মা সারা জীবন ভাড়া বাড়িতেই থেকেছেন। বিয়ের পর থেকে নিজের একটা বাড়ির স্বপ্ন দেখতেন তিনি। সেই আবদার ছেলের কাছে রাখতেই, মায়ের স্বপ্ন পূরণ করেন অনুপম খের। বর্তমানে তাঁর মা শিমলাতেই থাকেন।
অন্যদিকে, অনুপম খের ও কিরণ খেরের সংসার মুম্বইয়েই। তাঁদের নিজেদের কোনও সন্তান নেই। তবে কিরণের প্রথম পক্ষের সন্তানকেই নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন অনুপম। উল্লেখযোগ্যভাবে, কিরণ খেরের নিজস্ব একটি বাড়ি রয়েছে পাঞ্জাবে।