বয়স কেবল সংখ্যা! ৫৯ বছরেও ফিটনেসে ঝড় তুললেন সলমন খান, ভাইরাল ওয়ার্কআউট ছবিতে মুগ্ধ নেটপাড়া!

সলমন খান
শেষ আপডেট: 4 November 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: বয়স কেবল সংখ্যা... বলিউডের ‘ভাইজান’ সলমন খান যেন ফের একবার সেই কথাটাই প্রমাণ করলেন। কেরিয়ারের শুরু থেকেই তাঁর ফিটনেস অনুপ্রেরণা জুগিয়েছে গোটা এক প্রজন্মকে। বরুণ ধবন, অর্জুন কাপুরদের মতো অনেক তারকারই শরীরচর্চার অনুপ্রেরণা এসেছিল সলমনের থেকেই। আর ৫৯ বছর বয়সেও সেই ফিটনেসই যেন নতুন করে সংজ্ঞা দিচ্ছে শৃঙ্খলা ও অধ্যবসায়ের।
সোমবার ওয়ার্কআউট শেষে নিজের একটি ছবি শেয়ার করেছেন সলমন খান। ছবিতে স্পষ্ট তাঁর সিক্স প্যাক অ্যাবস ও বাইসেপস, যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন ভক্তরা। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “কিছু পেতে গেলে কিছু ছেড়ে দিতেই হয়। তবে এটা কিছু না ছেড়েই…” তাঁর এই আত্মবিশ্বাসই যেন বলে দেয়, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।
ছবিটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভেসে গিয়েছে প্রশংসার ঝড়। এক অনুরাগী লিখেছেন, “এই কারণেই সলমন খান ওজি! বডিবিল্ডিং-এর আইকন।” আরেকজনের মন্তব্য, “৫৯ বছরেও এতটা ফিট থাকা অবিশ্বাস্য!” কেউ লিখেছেন, “৩৫ বছর ধরে কোনও স্টেরয়েড ছাড়াই এমন শরীর ধরে রাখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
Kuch haasil karne ke liye kuch chhodna padta hai.. Yeh bina chhode hai. pic.twitter.com/4oyIWYRS83
— Salman Khan (@BeingSalmanKhan) November 3, 2025
কাজের দিক থেকেও ব্যস্ততার শেষ নেই সলমনের। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘সিকন্দর’ ছবিতে। সামনে আসছে ‘ব্যাটেল অফ গলওয়ান’, যেখানে নতুন অবতারে দেখা মিলবে অভিনেতার। পাশাপাশি, জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৯-এর সঞ্চালনাতেও ব্যস্ত তিনি।
কিছুদিন আগেই সলমন হাজির ছিলেন কাজল ও টুইঙ্কল খান্নার টক শো ‘টু মাচ’-এ, আমির খানের সঙ্গে। সেখানে তিনি মুখ খোলেন নিজের দীর্ঘদিনের অসুস্থতা ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’-র বিষয়ে।
শো-তে সলমন বলেন, “আপনাকে এর সঙ্গে বাঁচতে শিখতে হবে। আমি সাড়ে সাত বছর ধরে এই ব্যথা সহ্য করেছি। ৪–৫ মিনিট পরপর যন্ত্রণা হতো, কখনও কথা বলার মাঝখানেই শুরু হয়ে যেত। তখন ডিনার শেষ করতে এক থেকে দেড় ঘণ্টা লেগে যেত। চিবিয়ে খেতে পারতাম না। তবুও চেষ্টা করতাম প্লেটের খাবারটা শেষ করতে।”