সলমনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর এআই তৈরি ভিডিও ক্লিপ ভাইরাল।

‘ব্যাটল অফ গালওয়ান’
শেষ আপডেট: 3 January 2026 13:22
দ্য ওয়াল ব্যুরো: বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan) এর টিজার গত বছরের শেষের দিকে প্রকাশ করেছিলেন সলমন খান (Salman Khan)। যদিও অনুরাগীদের মধ্যে টিজারটি আগ্রহ তৈরি করেছিল, তবু সমালোচকদের নজরে তা খুব পজিটিভ রিভিউ পাননি। সেই পরিস্থিতিতেই নেট ভুবনে হঠাৎ ঘুরপাক খেতে শুরু করেছে একটি ছোট ভিডিও ক্লিপ (AI video)।
ভিডিওটি দেখে অনেকের মনে হচ্ছে এটি সিনেমার কোনও অংশ। সেখানে দেখা যাচ্ছে, রক্তাক্ত সলমন তুষারাবৃত পাহাড়ে পড়ে আছেন। কিছুক্ষণ পরে তিনি উঠে দাঁড়ান, হাতে তুলে নেন একটি বেসবল ব্যাট। এরপর তাঁর দিকে ছুটে আসা চিনা সৈন্যদের মোকাবিলা করতে প্রস্তুত হন, আর ব্যাট আছড়ে পড়ার মুহূর্তেই ক্লিপটি শেষ হয়।
কিন্তু সত্যিটা ভিন্ন। এই ক্লিপটি আদ্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা নির্মিত, সিনেমার আসল দৃশ্য নয়। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা নানা প্রতিক্রিয়া দিয়েছেন। একজন লিখেছেন, “যে সময় ঘটনাটা ঘটেছিল, তখন সেখানে মোটেও বরফ ছিল না।” আরেকজন মন্তব্য করেছেন, “মানুষকে এআই নির্মিত ভিডিও দেখিয়ে বোকা বানাবেন না।” আবার কেউ কেউ লিখেছেন, “এটা তো আসলটার চেয়েও ভাল।”
LEAKED FOOTAGE from #BattleOfGalwan 😯
Few scenes from #SalmanKhan's #BattleOfGalwan are being shared across the internet pic.twitter.com/hUDZaETYqu— HonestlySid (@Ibeingsid) January 1, 2026
প্রসঙ্গত, সলমনের সিনেমার বিরুদ্ধে তথ্য বিকৃত বা অতিরঞ্জিত করার অভিযোগ তুলে চিন দেশ আগেই প্রতিবাদ জানিয়েছিল। ভারতের পক্ষ থেকেও পালটা মন্তব্য এসেছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, “আমরা শৈল্পিক স্বাধীনতায় বিশ্বাসী। ভারত এমন একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সিনেম্যাটিক অভিব্যক্তি এর অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় পরিচালকরা নিজেদের মতো করে সিনেমা বানাতে পারেন এবং এই স্বাধীনতা তাঁদের রয়েছে। যারা এই সিনেমাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তারা বিষয়টি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।” পাশাপাশি স্পষ্ট করা হয়েছে, ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির ক্ষেত্রে সরকারের কোনও ভূমিকা নেই। এত বিতর্কের মধ্যেই আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে সিনেমাটি।