অকৃতদার সলমন খান জানালেন, বিয়ে না করলেও একদিন নিজের সন্তান চাই। অ্যামাজন প্রাইম ভিডিয়োর টক শো টু মাচ-এ অকপট ভাইজান।

সলমন খান
শেষ আপডেট: 26 September 2025 11:01
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘ভাইজান’ সলমন খানকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে প্রায় ষাট বছর বয়সেও অভিনেতার বিয়ে নিয়ে এখন আর ভক্তরা কোনও প্রত্যাশাই রাখেন না। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিয়োর নতুন টক শো টু মাচ-এর মঞ্চে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট হলেন সলমন। এই অনুষ্ঠানের প্রথম অতিথি ছিলেন আমির খান ও সলমন খান।
টক শো-এর সঞ্চালক কাজল দেবগণ এবং টুইঙ্কল খান্না সলমনকে ছেড়ে কথা বলেননি। খোলামেলা প্রশ্ন উঠে এসেছে বিয়ে, সন্তান ও সম্পর্কের প্রসঙ্গেও। বাচ্চাদের প্রতি সলমনের ভালোবাসা কারও অজানা নয়। ভাই-বোনের সন্তানেরা তাঁর স্নেহে বড় হয়েছেন। কিন্তু নিজের সন্তানের ইচ্ছে হয়নি কখনও? নাকি দেশের বদলানো সারোগেসি আইনই বাধা হয়ে দাঁড়িয়েছে?
অভিনেতার সোজাসাপটা উত্তর “আমারও একদিন সন্তান হবে। দেখা যাক, আশা রাখি।” তবে বিয়ে প্রসঙ্গে ফের জানালেন অনীহার কথা। টুইঙ্কল জিজ্ঞেস করতেই সলমন জানান, তাঁর পরিবার এত বড় যে সন্তান থাকলেও দেখাশোনার অভাব হবে না। ভাগ্নি আলিজেহ থেকে শুরু করে আয়াত, সবাই মিলে সামলে নেবে।
শুধু ব্যক্তিগত জীবন নয়, বন্ধুত্ব নিয়েও মজার স্মৃতিচারণ করলেন ভাইজান। আন্দাজ আপনা আপনা ছবির সময়কার অভিজ্ঞতা টেনে আনলেন তিনি। সলমনের কথায়, “আমির সকাল ৯টার শুটের জন্য সকাল ৭টায় পৌঁছে যেত। ওটা আমার একেবারেই ভালো লাগত না। তবে আমি তখন একসঙ্গে তিনটে শিফটে ১৫টা ছবির কাজ করতাম, আর ওর হাতে ছিল মাত্র একটি ছবি।”
সম্পর্ক ভাঙা-গড়া প্রসঙ্গেও অকপট সলমন। তাঁর মতে, যখন কোনও সঙ্গী অপরের চেয়ে বেশি সফল হয়, তখনই মতভেদ বাড়তে থাকে, তৈরি হয় দূরত্ব। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্বীকার করেছেন, “যাদের সঙ্গে আমার সম্পর্ক টেকেনি, সেটা টেকেনি। দোষ যদি থেকেও থাকে, সেটা আমার।”
বলিউডে সলমনের নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর সঙ্গে। সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়েছিল। এরপর সোমি আলি, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ হয়ে ইউলিয়া ভান্তুর, সব সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায়নি।
২৫ সেপ্টেম্বর থেকে প্রাইম ভিডিয়োতে দেখা যাবে টু মাচ-এর এই বিশেষ এপিসোড, যেখানে সলমন খানের খোলামেলা স্বীকারোক্তি দর্শকদের চমকে দেবে নিঃসন্দেহে।