পরিচালক অভিনব কাশ্যপের বিস্ফোরক অভিযোগ—‘দাবাং’ ছবির সময় সলমন খান নাকি ছবির এডিটরকে অপহরণ করে নিজের ফার্মহাউসে নিয়ে গিয়েছিলেন।

সলমন খান
শেষ আপডেট: 21 October 2025 18:26
দ্য ওয়াল ব্যুরো: 'দাবাং' (Dabangg) ছবির পরিচালক অভিনব কাশ্যপ সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা সলমন খান এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তাঁর দাবি, ছবিটি তৈরির সময় সলমন এবং তাঁর পরিবার ছবিতে হস্তক্ষেপ করেছিলেন, এমনকি তাঁর থেকে ক্রেডিট চুরি করার চেষ্টা করা হয়েছিল।
অভিনব কাশ্যপ 'বলিউড ঠিকানা'-কে দেওয়া সাক্ষাৎকারে সলমনের বিরুদ্ধে ছবিতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, সলমন একবার ছবির এডিটরকে অপহরণ করে নিজের ফার্মহাউসে নিয়ে গিয়েছিলেন। সলমন নাকি এডিটরকে সতর্ক করে বলেছিলেন, "পরিচালক যদি ছবি নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তাহলে সিলিন্ডার ঢুকিয়ে দেব।" পরে ফার্মহাউসে ভোল্টেজ ওঠানামার সমস্যার কথা বলার পরই নাকি এডিটরকে ফিরতে দেওয়া হয়।
সলমন রাতে তাঁর ঘরে এসে আরবাজ খানের একটি চেজ সিকোয়েন্স সম্পূর্ণ কেটে দিয়েছিলেন। পরিচালকের মতে, সলমনের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করত, তাই তিনি নিজেকে বেশি দেখাতে চেয়েছিলেন।
অভিনব আরও দাবি করেন যে সলমন ও আরবাজের সম্পর্ক খুবই কঠিন। তিনি বলেন, "এই ভাইয়েরা একে অপরকে ঘৃণা করে, কিন্তু আমি জানি না কেন তাঁরা একসঙ্গে থাকে।" একবার তাঁদের সামনেই ঝগড়া হয়েছিল, যেখানে সলমন রাগের মাথায় বাসনপত্র ছুঁড়ে ফেলেছিলেন।
অভিনব কাশ্যপ প্রকাশ করেন যে ছবির অন্যতম হিট আইটেম সং 'মুন্নি বদনাম হুয়ি'তে মালাইকা অরোরাকে (তৎকালীন আরবাজের স্ত্রী) দিয়ে পারফর্ম করানো নিয়ে আরবাজ খান মোটেই স্বচ্ছন্দ ছিলেন না।
পরিচালক জানান, "গানটিতে মালাইকার উপস্থাপনা নিয়ে তাঁরা স্বচ্ছন্দ ছিলেন না। তাঁরা চিন্তিত ছিলেন যে এটি 'অশ্লীল' লাগবে, কারণ 'মুন্নি বদনাম হুই' ছিল একটি আইটেম সং।" যদিও অভিনব তাঁদের আশ্বস্ত করেন এবং মালাইকাকে এই গানে রাখার জন্য তিনি লড়াই করেছিলেন। আরবাজ বিশেষভাবে চাননি যে মালাইকা এই গানটি করুন।