অভিনেতা ববি দেওল জানিয়েছেন, ১৪ বছর বয়স পর্যন্ত তিনি বাবা-মায়ের সঙ্গেই ঘুমাতেন।

ববি দেওল
শেষ আপডেট: 21 October 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা ববি দেওল বরাবরই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর ছেলেবেলা কেটেছে বিশাল যৌথ পরিবারে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন 'অ্যানিমাল' তারকা ছোটবেলাটা কীভাবে বাবা-মায়ের সঙ্গে কাটিয়েছেন।
ববি দেওল জানান, তিনি একদম ঘুটঘুটে অন্ধকারে ঘুমতে পছন্দ করেন না এবং এখনও একটি নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখেন। এই অভ্যাসের কারণ খুঁজতে গিয়ে তিনি তাঁর বাবা ধর্মেন্দ্রের অভ্যাসের কথা মনে করেন।
ববি বলেন, "আমি অন্ধকার পছন্দ করি না। এটা বেশ মজার বিষয়, কারণ অনেকে আলো নিভিয়ে চিন্তা করতে পছন্দ করেন। কিন্তু আমি অন্ধকার চাই না। এ নিয়ে আমার আর স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া হয়। তাই এখন মেঝেতে একটা নাইট লাইট লাগিয়েছি।"
অভিনেতা জানান, ১৪ বছর বয়স পর্যন্ত তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গে ঘুমাতেন। আর তাঁর বাবা সব সময় আলো জ্বালিয়ে ঘুমাতেন। সেই অভ্যাস থেকেই ববি দেওলের এই অভ্যাস তৈরি হয়।
১৪ বছর বয়স পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে ঘুমানোর কথা বলতে গিয়ে ববি জানান, ভারতীয় পরিবারে, বিশেষ করে যৌথ পরিবারে এটি খুবই স্বাভাবিক।
তিনি বলেন, "আমার মনে হয় আমি খুব ভাগ্যবান ছিলাম। ১৪ বছর বয়স পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে ঘুমাতাম। আমাদের একটি বাংলো থাকলেও তাতে পর্যাপ্ত ঘর ছিল না, কারণ আমরা যৌথ পরিবারে থাকতাম।"
তিনি স্মৃতিচারণ করে বলেন, "একটা ঘরে আমার বোনেরা থাকত, আর একটা ঘরে থাকত দাদা। মা আমাকে দাদার সঙ্গে ঘর ভাগ করে নিতে বলতেন। আমি মন খারাপ করে কাঁদতাম যে আমি নীচে যাব না।"
অভিনেতা মজা করে বলেন, একসময় যখন তাঁকে বাবা-মায়ের ঘর ছেড়ে নীচে ভাইয়ের সঙ্গে ঘুমাতে যেতে হয়, তখন তাঁর মা আবার তাঁকে ওপরে এসে ঘুমাতে বলতেন, কারণ ধর্মেন্দ্র শ্যুটিংয়ের জন্য বাইরে যেতেন। তখন ববি বলতেন, "এখন কেন আসব? এখন তো একা ঘুমানোয় অভ্যস্ত হয়ে গেছি! আমি উপভোগ করছি যে আমি একা আছি।" তবে বাবা শ্যুটিংয়ে গেলে মা তাঁকে ডেকে নিতেন।