নতুন মুখ, পুরনো গল্পের ছোঁয়া—তবু বক্স অফিসে বাজিমাত করছে 'সাইয়ারা'। আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই রোম্যান্টিক ড্রামা যেন আবেগের বন্যা বইয়ে দিয়েছে প্রেক্ষাগৃহে।

'সাইয়ারা'
শেষ আপডেট: 25 July 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: নতুন মুখ, পুরনো গল্পের ছোঁয়া—তবু বক্স অফিসে বাজিমাত করছে 'সাইয়ারা'। আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই রোম্যান্টিক ড্রামা যেন আবেগের বন্যা বইয়ে দিয়েছে প্রেক্ষাগৃহে। মুক্তির পর সাত দিনের মাথায় ছবির আয় দাঁড়াল ১৭২.৫০ কোটি টাকা, ছাপিয়ে গেল করণ জোহরের বিখ্যাত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিকেও (যার আয় ছিল ১৫৩.৫৫ কোটি)।
মোহিত সুরি পরিচালিত এই লাভ স্টোরি প্রথম দিনেই আয় করেছিল ২১.৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে ২৬ কোটি এবং তৃতীয় দিন ছবির আয় ৩৫.৭৫ কোটি টাকা, তিন দিনেই মোট কালেকশন প্রায় ৮৩ কোটি টাকা। দর্শকদের আবেগ এমন পর্যায়ে পৌঁছেছে যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দর্শকদের কাঁদতে কাঁদতে সিনেমা হল ছেড়ে যাওয়ার ভিডিও। এমনকী, অনেকে অজ্ঞানও হয়ে পড়েছেন বলে দাবি।
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে আয় যথাক্রমে ২৪ কোটি, ২৫ কোটি ও ২১.৫ কোটি টাকা। সপ্তম দিনে এসেছে আরও ১৮.৭৫ কোটি। এই শুক্রবারে কোনও বড় ছবি না থাকায়, 'সাইয়ারা'-র দাপট বজায় থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
'সাইয়ারা' ছবির কেন্দ্রে রয়েছে গায়ক কৃষ কাপুর (আহান) এবং নরম স্বভাবের সাংবাদিক বাণী বাত্রা (অনীত)-র ভালবাসার গল্প। আহানের অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কাছেও।