মঙ্গলবার রাতে হঠাৎ করেই অরিজিৎ সিং জানিয়ে দেন, তিনি আর সিনেমার জন্য প্লেব্যাক করবেন না। এই ঘোষণার পর মুহূর্তের মধ্যে দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। ভক্তদের হাহাকারের মধ্যেই বুধবার সোশ্যাল মিডিয়ায় অরিজিতের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 29 January 2026 18:48
দ্য ওয়াল ব্যুরো: রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’—এই এক মঞ্চ থেকেই শুরু হয়েছিল অরিজিৎ সিং ও রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতযাত্রা। সময়ের সঙ্গে কেটে গিয়েছে প্রায় দু’দশক। সেই প্রতিযোগিতায় সেরা পাঁচে জায়গা না পেলেও আজ খ্যাতির চূড়ায় অরিজিৎ সিং। অন্যদিকে, একই শোয়ের বিজয়ী বাংলার প্রতিযোগী রূপরেখা বন্দ্যোপাধ্যায় বর্তমানে অনেকটাই লাইমলাইটের বাইরে। এমন প্রেক্ষাপটে অরিজিতের প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় যখন ভেঙে পড়েছেন অনুরাগীরা, তখন বন্ধুর মতো পাশে থাকার বার্তা দিলেন রূপরেখা। তবে সেই আবেগঘন বার্তাই আবার উসকে দিল বহু পুরনো এক বিতর্ক।
মঙ্গলবার রাতে হঠাৎ করেই অরিজিৎ সিং জানিয়ে দেন, তিনি আর সিনেমার জন্য প্লেব্যাক করবেন না। এই ঘোষণার পর মুহূর্তের মধ্যে দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। ভক্তদের হাহাকারের মধ্যেই বুধবার সোশ্যাল মিডিয়ায় অরিজিতের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, “কী লিখব বুঝে উঠতে পারছি না। প্লেব্যাকের অসংখ্য ব্যস্ততা থেকে আপাতত একটু বিরতি নে। জিরিয়ে নে। আবার তো নতুন করে শুরু করতে হবে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ক্রিয়েশন।”
নিজেকে অরিজিতের একজন একনিষ্ঠ শ্রোতা হিসেবে তুলে ধরে রূপরেখা আরও লেখেন, “আমরা আর কতদিন তোর নতুন গান না শুনে থাকতে পারব? আমিও তোর অগণিত ভক্তদের মধ্যেই একজন। ভালো থাকিস ভাই।”
এই পোস্টে দু’জনের সম্পর্কের সমীকরণ স্পষ্ট হলেও, নেটিজেনদের একাংশের চোখ এড়িয়ে যায়নি অতীতের বিতর্ক। পোস্টের সঙ্গে ‘ফেম গুরুকুল’-এর সময়কার একটি ঝাপসা ছবি শেয়ার করেন রূপরেখা, যেখানে অরিজিৎ ও রূপরেখার সঙ্গে দেখা যায় সমিধ ত্যাগীকেও। ছবিটি প্রকাশ্যে আসতেই মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ কেউ পুরনো গুঞ্জনের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন। একজন মন্তব্য করেন, “গুগলে সার্চ করলে তো ভাই নয়, অন্য গল্প বলছে।”
প্রসঙ্গত, ‘ফেম গুরুকুল’-এর সময় থেকেই অরিজিৎ ও রূপরেখার সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি। দীর্ঘদিন ধরে রটেছিল, কেরিয়ারের শুরুতেই নাকি তাঁরা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আজও কিছু সংবাদমাধ্যমে সেই দাবি উঠে আসে। যদিও এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো বলে আগেই স্পষ্ট করেছেন রূপরেখা।
রূপরেখা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিবাহিত। তাঁর স্বামী নলিনাক্ষ ভট্টাচার্য। ২০১০ সালে তাঁদের বিয়ে হয় এবং দীর্ঘ ১৬ বছর ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা। ২০২১ সালেই এই বিতর্ক নিয়ে মুখ খুলে রূপরেখা জানিয়েছিলেন, “আমি নিজেও অরিজিতের ভক্ত। ও কাকে প্রথম বিয়ে করেছিল, সেটা আমার জানার প্রয়োজন নেই। সেটা ওর ব্যক্তিগত বিষয়। তবে আমি কখনওই ওর প্রথম পক্ষের স্ত্রী নই।”
বর্তমানে অরিজিৎ সিং তাঁর ছোটবেলার বন্ধু কোয়েল রায়ের সঙ্গে সুখে সংসার করছেন। কোয়েল তাঁর দ্বিতীয় স্ত্রী—এ কথা সত্যি। কোয়েলের আগে অরিজিতের আরেকটি বিয়ে হয়েছিল ঠিকই, তবে তা ছিল কেবল কাগজে-কলমে। সংসার গড়া হয়নি, সম্পর্ক ভেঙে যায় বিয়ের শুরুতেই। শৈশব থেকেই কোয়েলকেই ভালোবাসতেন অরিজিৎ।
সব মিলিয়ে, আজকের কঠিন সময়ে রূপরেখার ‘ভাই’ সম্বোধন যেন এক ঝটকায় নস্যাৎ করে দিল বহু বছরের বিয়ের গুজব। রয়ে গেল শুধুই এক নির্মল বন্ধুত্বের ছবি—যা অতীতের সব রটনার ঊর্ধ্বে উঠে নতুন করে আলোচনায় জায়গা করে নিল।