ন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, এবার নাকি গান নয়, সিনেমা বানানোর দিকেই মন দিয়েছেন অরিজিৎ। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি, আর সেই প্রথম ছবিকে ঘিরেই সামনে আসছে একের পর এক বড় চমক।

শেষ আপডেট: 29 January 2026 13:37
দ্য ওয়াল ব্যুরো: প্লেব্যাক গানের দুনিয়া থেকে সদ্যই অবসর ঘোষণা করেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। সেই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা—এরপর কোন পথে হাঁটতে চলেছেন জনপ্রিয় গায়ক? ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, এবার নাকি গান নয়, সিনেমা বানানোর দিকেই মন দিয়েছেন অরিজিৎ। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি, আর সেই প্রথম ছবিকে ঘিরেই সামনে আসছে একের পর এক বড় চমক।
নবভারত টাইমস-এর খবর অনুযায়ী, অরিজিৎ সিংয়ের প্রথম পরিচালিত ছবিতে অভিনয় করতে পারেন তাঁরই ছেলে। বিপরীতে দেখা যাবে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরাকে। এই খবর সামনে আসতেই জল্পনা আরও তীব্র হয়েছে। তথ্য অনুযায়ী, অরিজিৎ সিংয়ের বড় ছেলের বয়স বর্তমানে ১৭ বছরের বেশি, জন্ম ২০০৮ সালে। ছবির গল্প যদি কিশোর-কিশোরীদের কেন্দ্র করে হয়, তবে এই জুটি দর্শক মনে আলাদা ছাপ ফেলতে চলেছে বলেই আশাবাদী সকলে।
পাশাপাশি চিত্রনাট্য সম্পর্কের কানাঘুষো খবর প্রকাশ্যে আসছে। অরিজিৎ সিংয়ের এই ছবির গল্প জঙ্গলের অ্যাডভেঞ্চারকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি নিজেও। পাশাপাশি অভিনয় করবেন দিব্যেন্দু ভট্টাচার্য। এই ছবির চিত্রনাট্য লিখেছেন অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল সিং। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অরিজিৎ সিং, কোয়েল সিং এবং মহাবীর জৈন। গোটা ভারত জুড়েই ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুক্তির আগে একাধিক আন্তর্জাতিক ও জাতীয় চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হতে পারে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও এখনই এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, পরিচালক হিসেবে অরিজিৎ সিংয়ের অভিজ্ঞতা একেবারে নতুন নয়। ২০১৮ সালে তিনি একটি বাংলা ছবি পরিচালনা করেছিলেন। সেই ছবি ‘সা’-তে একটি ছোট ছেলের সঙ্গীতের সফরের গল্প তুলে ধরা হয়েছিল।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে অরিজিৎ সিং নিজেই জানান, তিনি আর প্লেব্যাক গায়ক হিসেবে নতুন কোনও প্রজেক্ট নেবেন না। সেই পোস্টে তিনি লেখেন, “হ্যালো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এতগুলো বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও প্রজেক্ট নেব না। এখানেই আমি ইতি টানলাম। এই সফরটা দুর্দান্ত ছিল।”
কেন এমন সিদ্ধান্ত নিলেন, সে বিষয়েও খোলাখুলি কথা বলেছেন অরিজিৎ সিং। তাঁর কথায়, “এর পিছনে একটাই কারণ নেই, একাধিক কারণ রয়েছে। আর এটা আমি বহুদিন ধরেই করার চেষ্টা করছিলাম। অবশেষে সঠিক সাহসটা জোগাড় করতে পেরেছি।” পাশাপাশি তিনি জানান, তিনি একঘেয়েমি অনুভব করছিলেন এবং চাইছিলেন নতুন শিল্পীরা এগিয়ে আসুক। সেই কারণেই এমন পদক্ষেপ বলেই জানিয়েছেন গায়ক।
সব মিলিয়ে, প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ সিংয়ের নতুন অধ্যায় কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার অপেক্ষায় অনুরাগীরা।