মাত্র ৫০ হাজার টাকার অগ্রিমে বলিউডের শীর্ষ পরিচালকের বাড়িতে হামলার বরাত!

রোহিত শেট্টি
শেষ আপডেট: 18 February 2026 16:22
দ্য ওয়াল ব্যুরো: বলিউড পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) জুহুর বাড়িতে হামলার ঘটনায় তদন্তে বড় আপডেট সামনে এসেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জনকে ধরা হয়েছে রাজস্থান থেকে। ইতিমধ্যেই মুম্বই পুলিশের অপরাধদমন শাখা ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
জেরায় ধৃতরা জানিয়েছে, সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় সূত্রের মাধ্যমেই শুভম লোঙ্কারের গ্যাং তাদের সঙ্গে যোগাযোগ করে। মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে এই হামলার বরাত দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার প্রধান শুটারকে অগ্রিম ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। কাজ সম্পূর্ণ হওয়ার পর বাকি টাকা মিটিয়ে দেওয়ার চুক্তিও হয়েছিল।
গত ১ ফেব্রুয়ারি মুম্বই পুলিশ আটক করে আমন আনন্দ মারোতে, আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি এবং স্বপ্নীল সকতকে। পুলিশ মনে করছে, এই পাঁচজনই সরাসরি গুলি চালানোর ঘটনায় যুক্ত ছিল।
ঘটনাটি ঘটে ভোররাতে। সেই সময় জুহুতে রোহিত শেট্টির বাড়ির সামনে হঠাৎ চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। গুলির শব্দ শুনে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান।
বলিউডের অন্যতম সফল পরিচালক হিসেবে পরিচিত রোহিত শেট্টি। তাঁর পরিচালিত গোলমাল (সমস্ত সিক্যুয়াল), সিংহম, দিলওয়ালে এবং চেন্নাই এক্সপ্রেস-এর মতো একাধিক ছবি বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় রিয়্যালিটি শো-তেও বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে।