অভিজ্ঞান মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘অনুমানের ভিত্তিতে’ অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে আসছে। যেখানে গল্পের সঙ্গে সঙ্গে জন্ম নিচ্ছে একেবারে নতুন এক সম্পর্ক, নতুন এক রসায়ন।
.jpg.webp)
শেষ আপডেট: 10 January 2026 17:02
দ্য ওয়াল ব্যুরো: অভিজ্ঞান মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘অনুমানের ভিত্তিতে’ অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে আসছে। যেখানে গল্পের সঙ্গে সঙ্গে জন্ম নিচ্ছে একেবারে নতুন এক সম্পর্ক, নতুন এক রসায়ন। প্রথমবার একই ফ্রেমে ধরা দিতে চলেছেন রোহন ভট্টাচার্য ও অমৃতা চট্টোপাধ্যায়—দুই ভিন্ন জগতের শিল্পী, যাঁদের মিলনেই গড়ে উঠবে এই ছবির আবেগী কেন্দ্র। স্কাইল্যান্ড এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবিটির নেপথ্যে রয়েছে বন্ধুত্ব, অপেক্ষা আর বিশ্বাস। পরিচালক অভিজ্ঞান মুখার্জির সঙ্গে রোহনের সম্পর্ক দীর্ঘদিনের—ছোটবেলার বন্ধু, অথচ এতদিন ক্যামেরার সামনে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। সেই অপূর্ণতাই এবার পূর্ণতা পাচ্ছে।
‘অনুমানের ভিত্তিতে’ ছবিতে রোহনকে দেখা যাবে এক লেখকের চরিত্রে—যাঁর কলমের শব্দই ধীরে ধীরে খুলবে গোটা গল্পের দরজা। অভিজ্ঞানের কথায়, ‘রোহনের অভিনয়ের যে সূক্ষ্ম সংবেদনশীলতা, তা এই চরিত্রের সঙ্গে মিশে দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলবে।’
অন্যদিকে, অমৃতা—যাঁকে দর্শক এতদিন পর্দায় দেখেছেন নানা চরিত্রে—এই ছবিতে ধরা দেবেন সম্পূর্ণ ভিন্ন রূপে। তিনি শুধু অভিনেত্রী নন, একজন নৃত্যশিল্পী। পরিচালক ইচ্ছে করেই তাঁকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছেন, যেখানে চেনা গণ্ডির বাইরে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ রয়েছে।
অভিজ্ঞানের বিশ্বাস, অমৃতার নাচের দক্ষতা এতদিন অদেখাই থেকে গিয়েছে, আর ‘অনুমানের ভিত্তিতে’ সেই অদেখা দিকটিকেই সামনে আনবে। তাঁর কাছে এই ছবি মানেই প্রতিটি চরিত্রের জন্য নতুন চ্যালেঞ্জ, আর রোহন–অমৃতার জুটি মানেই একেবারে ফ্রেশ কেমিস্ট্রি—যা আগে কখনও দেখা যায়নি।
রোহনের বন্ধুর পরিচালনায় কাজ করার আনন্দ যেমন আছে, তেমনই রয়েছে এমন একটি চরিত্রে ঢুকে পড়ার উত্তেজনা, যা তিনি আগে কখনও করেননি। একজন লেখক, যার ভেতরে বহু স্তর, বহু শেড—যার লেখার সঙ্গে সঙ্গে বদলাতে থাকে গল্পের সুর।
অন্যদিকে অমৃতার জন্যও ‘অনুমানের ভিত্তিতে’ এক বিশেষ অধ্যায়। ছবিতে তাঁর চরিত্রের নাম অনুষ্কা—একটি চরিত্র, যা তৈরি হয়েছে তিন-চারটি গল্পের অদ্ভুত অথচ গভীর সংযোগ থেকে। বহু বছর ধরে ভারতনাট্যম শেখা অমৃতা এতদিন সেই শিল্পকে সিনেমার পর্দায় তুলে ধরার সুযোগ পাননি। এই ছবিই প্রথম, যেখানে তাঁর নাচ, তাঁর অভিনয়—দু’টিই একসঙ্গে মিশে যাবে। অভিনেত্রী হিসেবে এই চ্যালেঞ্জ তাঁর কাছে যেমন আনন্দের, তেমনই ভীষণ কাছের। অভিজ্ঞান মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘অনুমানের ভিত্তিতে’ খুব শীঘ্রই ক্যামেরার সামনে আসতে চলেছে।