৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় ছবির সম্মান পেল করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’
শেষ আপডেট: 2 August 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জন্য রীতিমতো ঐতিহাসিক হয়ে উঠল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সন্ধ্যা। এ বছর হিন্দি ছবি ঝুলিতে তুলেছে মোট ১৪টি পুরস্কার। যার মধ্যে অন্যতম করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, যা পেয়েছে Best Popular Film Providing Wholesome Entertainment-এর জাতীয় সম্মান।
পুরস্কার ঘোষণার পরেই আবেগঘন পোস্ট করলেন করণ জোহর। ইনস্টাগ্রামে লিখলেন, “এই ছবিটি আমার হৃদয়ের একদম কাছের। জাতীয় পুরস্কার পাওয়ার আনন্দ আর কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। জুরি সদস্যদের ধন্যবাদ জানাই, আর সেই দর্শকদের, যাঁদের ভালবাসায় এই ছবিটি এখনও এতটা আলোচিত।”
তিনি আরও লেখেন, “দু’বছর কেটে গেল ছবিটি মুক্তি পেয়েছে, অথচ আজও মানুষের কাছে গল্প, গান, চরিত্র—সবই তাঁদের নিজের বলে মনে হয়! এতটা ভালবাসা পাওয়াটা স্বপ্নের মতো। আবারও ধন্যবাদ জাতীয় পুরস্কার কমিটিকে এই সম্মানের জন্য।”
এখানেই শেষ নয়। ছবির গান ‘ঢিনঢোরা বাজে রে’-র কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন বৈভবী মার্চেন্ট। করণ লেখেন, “আমার প্রথম ছবির মতোই আবার একই ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পাওয়া যেন জাদুর মতো লাগছে। বৈভবী ও তাঁর টিমকে অনেক ভালবাসা ও অভিনন্দন।”
২০২৩-এর ২৮ জুলাই মুক্তি পাওয়া এই ছবি পরিচালকের কেরিয়ারে ছিল এক বড় কামব্যাক। দীর্ঘ সাত বছর পর পরিচালকের চেয়ারে ফিরেছিলেন করণ। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। ছবির গল্পে যেমন রোমান্স, তেমনই ছিল সামাজিক বার্তা ও পারিবারিক জটিলতা।
ছবিটি বিশ্বব্যাপী ৩৪০ কোটিরও বেশি আয় করে হয়ে ওঠে বক্স অফিসে একটি বড় সাফল্য। এতে আরও অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, জয়া ভাদুরি, শাবানা আজমি, টোটা রায়চৌধুরি, চূর্ণী গঙ্গোপাধ্যায়, আমির বশির এবং ক্ষিতী জোগ।