AI-এর সাহায্যে বদলে দেওয়া হল ‘রাঞ্জনা’র শেষ দৃশ্য। কুন্দনের মৃত্যু নয়, সে বেঁচে উঠছে—এমন দৃশ্য ঘিরে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন পরিচালক আনন্দ এল রাই।

‘রাঞ্জনা’
শেষ আপডেট: 2 August 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো: AI-এর সাহায্যে বদলে গেল ‘রাঞ্জনা’র ক্লাইম্যাক্স। ১১ বছর আগে ধনুশ-সোনম অভিনীত এই প্রেমের ট্র্যাজেডিতে যেখানে নায়ক কুন্দন শেষ দৃশ্যে মারা যান, সেখানে AI সংস্করণে দেখা যাচ্ছে—সে বেঁচে উঠছে। নতুন দৃশ্য সামনে আসতেই সিনেমাপ্রেমীদের একাংশের মধ্যে যেমন উচ্ছ্বাস, তেমনই উঠেছে প্রবল সমালোচনার ঝড়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যবহারকারী ‘রাঞ্জনা’র এই নতুন ভার্সনের ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, হাসপাতালে শুয়ে থাকা কুন্দনের চোখ খুলছে, উঠে বসছে সে। পাশে জোয়া (সোনম কাপুর), আর আবেগে কেঁদে ফেলছেন বন্ধু বিন্দিয়া (স্বরা ভাস্কর) ও মুরারি (জিশান আয়ুব)। মূল ছবিতে এই জায়গাতেই কুন্দনের মৃত্যু হয়।
AI-এডিটেড এই ক্লাইম্যাক্স নিয়ে কেউ বলছেন, “এটাই তো দর্শক চায়, হ্যাপি এন্ডিং।” আবার কেউ বলছেন, “এই পরিবর্তন সিনেমার আত্মাকে হত্যা করল। সব গল্পের শেষ সুখের হয় না।” এক দর্শক লেখেন, “শেষের সেই মনোলগটাই ছিল ছবির প্রাণ। সেটা বাদ দিলে ছবির বিশেষত্বটাই তো চলে গেল।”
এই বিতর্কের মাঝে মুখ খুলেছেন পরিচালক আনন্দ এল রাই। ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “গত তিন সপ্তাহ যেন দুঃস্বপ্ন। ‘রাঞ্জনা’ ছবিকে বিনা অনুমতিতে পরিবর্তন করে আবার মুক্তি দেওয়া হয়েছে, আমি হতবাক। এত সহজে একটা শিল্পকে বিকৃত করে দেওয়া হয়েছে, এটা ভাবতেই পারছি না।”
Al-altered happy ending of Raanjhanaa. pic.twitter.com/1C954pEoTH
— The Cinéprism (@TheCineprism) August 1, 2025
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘রাঞ্জনা’ পরিচালনা করেছিলেন আনন্দ এল রাই। চিত্রনাট্য লিখেছিলেন হিমাংশু শর্মা। ধনুশ ও সোনমের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন অভয় দেওলও। ছবির তামিল ডাব ভার্সন ‘অম্বিকাপাথি’ও সেই সময় মুক্তি পায়।
জানা গিয়েছে, ‘রাঞ্জনা’র এই নতুন AI ভার্সনটি দক্ষিণ ভারতে আংশিকভাবে প্রদর্শিত হয়েছে, বিশেষত তামিল ডাব সংস্করণে। ইতিমধ্যেই এই বিতর্কের মধ্যেই নির্মিত হচ্ছে ছবির স্ট্যান্ডঅ্যালোন সিকুয়েল—‘তেরে ইশক মে’, যেটি ২৮ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।