সুশান্ত সিং রাজপুত বিতর্কের দীর্ঘ ছায়া কাটিয়ে ফের অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী।

রিয়া চক্রবর্তী
শেষ আপডেট: 4 February 2026 16:36
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে ঠিক ৬ বছর আগে, ২০২০ সালের ১৪ জুন, এই তারিখটি আজও বলিউডপ্রেমীদের মনে গভীর শোকের স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। সেদিনই আচমকা প্রয়াত হন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যু যেমন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, তেমনই এক মুহূর্তে বদলে গিয়েছিল অভিনেতার তৎকালীন প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) জীবনও। সুশান্তের মৃত্যুকাণ্ড ঘিরে অভিযোগের তির উঠেছিল রিয়ার দিকেই। একের পর এক বিতর্ক, তদন্ত, গ্রেফতারি এবং হাজতবাস, দীর্ঘ সময় ধরে চরম মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে।
সেই অশান্ত অতীতকে পিছনে ফেলে অবশেষে অভিনয় জীবনে ফিরছেন রিয়া চক্রবর্তী। চলতি সপ্তাহের মঙ্গলবার মুম্বইয়ে নেটফ্লিক্স আয়োজিত একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তাঁর নতুন সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এর। এই সিরিজের মাধ্যমেই দীর্ঘ সাত বছর পর পর্দায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে রিয়ার। অনুষ্ঠানের মঞ্চ থেকেই তাঁর কামব্যাকের খবর প্রকাশ্যে আসে।
এই সুখবর নিজেও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে রিয়া জানিয়েছেন তাঁর ‘কাম ব্যাক প্রোজেক্ট’-এর কথা। নতুন সিরিজে তাঁর সঙ্গে পর্দা ভাগ করবেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। রিয়ার এই ঘোষণার পরই শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে তাঁর সোশাল মিডিয়া। কেউ লিখেছেন, “পর্দায় তোমাকে আবার দেখতে পাব— এর থেকে আনন্দের আর কী হতে পারে?” আবার কারও মন্তব্য, “তোমার কামব্যাকের জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম।”
২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর রিয়ার জীবন যে ভয়াবহ মোড় নিয়েছিল, তা কারও অজানা নয়। তাঁদের সম্পর্ক ঘিরে চর্চা, বিতর্ক এবং তদন্ত কার্যত পাল্টে দিয়েছিল অভিনেত্রীর জীবনের গতিপথ। সেই বছরই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক সংক্রান্ত কিছু কথোপকথন সামনে আসার পর গ্রেফতারও হয়েছিলেন তিনি।
সব বিতর্ক, অভিযোগ ও অতীতের ছায়াকে পিছনে ফেলে এবার নতুনভাবে এগোতে চাইছেন রিয়া চক্রবর্তী। অভিনয়ের মাধ্যমে ফের নিজের জায়গা তৈরি করার এই প্রচেষ্টা তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন অনেকে।