আজকের বাংলায় প্রেম আর শুধু গান বা রোম্যান্টিক দৃশ্যে সীমাবদ্ধ নয়। এখনকার প্রেম প্রশ্ন তোলে, বাধার সামনে দাঁড়ায় এবং সমাজের চাপের মধ্যেও নিজের জায়গা খুঁজে নেয়। ঠিক এই সময়ের কথাই বলে নতুন ছবি ‘সুলভ কমপ্লেক্স’।

শেষ আপডেট: 4 February 2026 14:20
দ্য ওয়াল ব্যুরো: আজকের বাংলায় প্রেম আর শুধু গান বা রোম্যান্টিক দৃশ্যে আটকে নেই। এখনকার প্রেম প্রশ্ন তোলে, সন্দেহের মুখে দাঁড়ায় এবং সমাজের চাপের মধ্যেও নিজের জায়গা খুঁজে নিতে চায়। ঠিক এই সময়ের কথাই বলে নতুন ছবি ‘সুলভ কমপ্লেক্স’। এটি এক হিন্দু ছেলে ও এক মুসলিম মেয়ের প্রেমের গল্প, যা বর্তমান সমাজের বাস্তব চিত্রকে সামনে এনে দাঁড় করায়।
ছবির গল্প কোনও ঝলমলে মালটিপ্লেক্স বা সাজানো পার্কে নয়। গল্পের কেন্দ্র শহরের এক সাধারণ হাউজিং কমপ্লেক্স আর তার আশপাশের এলাকা। সেখানে এক তরুণী প্রতিমা সবার নজরে পড়ে। কেউ তাকে জঙ্গি বলে সন্দেহ করে, কেউ কটূক্তি ছুড়ে দেয়। অথচ ধীরে ধীরে বোঝা যায়, সে আসলে ফতেমা—নীরবে মাথা নিচু করে নিজের মতো করে বেঁচে থাকার চেষ্টা করা এক সাধারণ মেয়ে। (Sulabh Complex, Devlina Kumar)
এই গল্পে আসে বাপন। সে একেবারে সাধারণ এক যুবক, যার চাকরি হয় একটি সুলভ শৌচালয়ে। প্রতিদিন সে লক্ষ করে, এক বোরখা পরা মহিলা সেখানে আসে, ভেতরে ঢুকে পোশাক বদলায় এবং চুপচাপ চলে যায়। কৌতূহল থেকেই বাপন জানতে পারে, ওই মহিলার নাম ফতেমা। সে পেশায় রান্নার কাজ করে, কিন্তু নিজের মুসলিম পরিচয় লুকিয়ে রাখে। এমনকি বাপনের মা-ও মুসলিম রাঁধুনি রাখার বিরোধী।
ফতেমার দিন শুরু হয় ভোরে। এক বাড়ি থেকে আরেক বাড়িতে রান্না, কাপড় ধোয়া, বাজার করা—সবকিছুর মাঝেই তাকে সহ্য করতে হয় অবহেলা আর অপমান। একদিন বৃষ্টিতে ভিজে সে সুলভে আসে, তার ফোন ভেঙে যায়। সেই সময় বাপন তার পাশে দাঁড়ায়। পরে স্টেশনে বসে ফতেমা নিজের জীবনের কথা বলে—দারিদ্র্যে ডুবে থাকা পরিবার, একসঙ্গে একাধিক কাজ, আর দিনের পর দিন দ্বৈত পরিচয়ে বেঁচে থাকা। সেই গল্প শুনতে শুনতেই বাপনের মনে ধীরে ধীরে জায়গা করে নেয় ফতেমা।
ফতেমা বাপনের জন্য রান্না করে, দু’জনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। কিন্তু এখানেও বাধা আসে। ধর্মের কারণে বাপনের মা এই সম্পর্ক মানতে চান না। তবু সব বাধা পেরিয়ে বাপন আর ফতেমা একে অপরের জীবনে জায়গা করে নেয়।
একদিন ফতেমার আসল পরিচয় প্রকাশ্যে আসতেই সব ভেঙে পড়ে। সে তার কাজ হারায়, অপমানে ভেঙে পড়ে। সেই সময় বাপন তাকে শক্ত থাকতে বলে, হাল না ছাড়তে অনুপ্রাণিত করে। শেষ পর্যন্ত দু’জনে মিলে ফুটপাথে একটি ছোট খাবারের দোকান খোলে—নাম ‘Dil Maange Biryani’। সেই দোকান শুধু ব্যবসা নয়, হয়ে ওঠে ভালোবাসা, নতুন শুরু আর সামাজিক বিভাজন ভাঙার প্রতীক।
Camellia Productions Pvt Ltd প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন শ্রীকান্ত রায় ও অর্ক রায়। গল্প লিখেছেন অর্ক রায়। ছবির গতি ধীর, কিন্তু আবেগ জোর করে চাপানো হয়নি। দেবলীনা কুমার ও অর্পণ ঘোষাল খুব স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন।
‘সুলভ কমপ্লেক্স’ আসলে আমাদের চারপাশেরই গল্প। এখানে প্রেম সাজানো জায়গায় জন্ম নেয় না, বরং ভিড়, সন্দেহ আর লড়াইয়ের মাঝেই নিজের জায়গা তৈরি করে নেয়। বহুবার মালটিপ্লেক্স পার্কে প্রেমের গল্প দেখা হয়েছে—এবার সেই শুরুটা হোক সুলভ কমপ্লেক্স থেকেই। ৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘সুলভ কমপ্লেক্স’।