শর্মা পরিবারের শুরু হল এক জীবনের নতুন অধ্যায়, অথচ তার মাঝেই নিঃশব্দে উপস্থিত ছিল যেন একজন—ঐন্দ্রিলা শর্মা। তাঁর ছবির সামনে বসেই আইনি বিয়ে সারলেন দিদি ঐশ্বর্য শর্মা।

শেষ আপডেট: 4 February 2026 12:28
দ্য ওয়াল ব্যুরো: শর্মা পরিবারের শুরু হল এক জীবনের নতুন অধ্যায়, অথচ তার মাঝেই নিঃশব্দে উপস্থিত ছিল যেন একজন—ঐন্দ্রিলা শর্মা। তাঁর ছবির সামনে বসেই আইনি বিয়ে সারলেন দিদি ঐশ্বর্য শর্মা। (Aindrila Sharma, Sabyasachi Chowdhury)
এমন এক দিনেই বহুদিন পর শর্মা পরিবারের ঘরে পা রাখলেন সব্যসাচী চৌধুরী। এক সময় যাঁর সঙ্গে ঐন্দ্রিলার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন বাঁধা ছিল, সেই মানুষটিকে আবার দেখা গেল চেনা পরিবেশে। আর তাঁকে দেখেই কোনও প্রশ্ন ছাড়াই ছুটে এল তোজো আর বোজো। ঐন্দ্রিলার প্রিয় দুই পোষ্য মুহূর্তের মধ্যেই জড়িয়ে ধরল সব্যসাচীকে। আদর-ভালোবাসায় ভরে উঠল সেই দৃশ্য।
ঐন্দ্রিলার জীবন কখনও সহজ ছিল না। অল্প বয়সেই ক্যানসারের সঙ্গে লড়াই শুরু হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর এক সময় মনে হয়েছিল, তিনি বুঝি সব পেরিয়ে ফিরছেন স্বাভাবিক জীবনে। কাজ, হাসি, স্বপ্ন—সব আবার সাজিয়ে নিচ্ছিলেন। কিন্তু ২০২২ সালের শেষদিকে হঠাৎই শরীর ভেঙে পড়ে। হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। সেই সময় সব্যসাচী ছিলেন ছায়ার মতো। একরকম জেদ নিয়েই বিশ্বাস করতেন, ঐন্দ্রিলাকে তিনি ফিরিয়ে আনবেনই। কিন্তু ২০ নভেম্বর, ২০২২—সেই দিন জীবন অন্য সিদ্ধান্ত নেয়।
ঐন্দ্রিলার চলে যাওয়া শর্মা পরিবারকে ভেতর থেকে এলোমেলো করে দেয়। সেই শোকের ভেতরেই নিজেকে আড়ালে সরিয়ে নেন সব্যসাচী। কাজ, আলো, মানুষের ভিড়—সব থেকে দূরে চলে যান। প্রায় এক বছরেরও বেশি সময় তাঁকে দেখা যায়নি প্রকাশ্যে। ধীরে ধীরে সময়ের সঙ্গে বোঝাপড়া করে আবার জীবনের দিকে মুখ ফেরান তিনি। কাজে ফেরেন, নিজের মতো করে দাঁড়ানোর চেষ্টা করেন। একই লড়াই চালিয়ে যান ঐন্দ্রিলার পরিবারের সদস্যরাও।

এই আবহেই ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার, আইনি বিয়ে সারেন ঐশ্বর্য। পাত্র দিব্যজিৎ দত্ত, পেশায় চিকিৎসক। বিয়ের সন্ধ্যায় সাদা শার্ট আর নীল ডেনিমে হাজির হন সব্যসাচী। দীর্ঘদিন পর তাঁকে দেখা গেল শান্ত, স্বাভাবিক মেজাজে। কিছুক্ষণ তোজো আর বোজোর সঙ্গেই কাটে তাঁর সময়। তারপর ধীরে ধীরে কথা বলেন পরিবারের আত্মীয়দের সঙ্গে।
সেদিন ঐন্দ্রিলার মা বলছিলেন, “ও তো আমাদের আশপাশেই আছে।” ঐশ্বর্য সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলাতে পারেননি। বলেছিলেন, বোন থাকলে আগে ওরই বিয়ে হত সব্যসাচীর সঙ্গে। নিজের বিয়ের প্রতিটি পরিকল্পনাই নাকি ঐন্দ্রিলাই করে রেখেছিল—তাঁর কিছু ভাবতেই হত না।