মুম্বইয়ের বান্দ্রায় মালাইকা অরোরার রেস্তরাঁ ‘স্কারলেট হাউজ’।

মালাইকা অরোরার রেস্তরাঁ ‘স্কারলেট হাউজ’
শেষ আপডেট: 3 February 2026 18:20
দ্য ওয়াল ব্যুরো: অভিনয়ের পাশাপাশি বলিউডের বহু তারকাই এখন সফল উদ্যোক্তা। রেস্তরাঁ ব্যবসায় নাম লিখিয়েছেন এমন তারকাদের তালিকায় রয়েছেন মালাইকা অরোরাও। মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর রেস্তরাঁটি ইতিমধ্যেই বলিউড মহলে বেশ জনপ্রিয়। প্রায় ৯০ বছরের পুরনো একটি পর্তুগিজ় বাংলোয় গড়ে ওঠা এই রেস্তরাঁয় নিয়মিত ভিড় জমান তারকারা।
মালাইকা নিজে বরাবরই স্বাস্থ্যসচেতন। সেই ভাবনাই প্রতিফলিত হয়েছে তাঁর রেস্তরাঁর মেনুতেও। স্বাস্থ্যকর খাবারের নানা বিকল্প থাকলেও, এখানকার খাবারের দাম যে বেশ চড়া, তা বলিউড মহলেও আলোচনার বিষয়। মেনুতে যেমন রয়েছে ৫৫০ টাকার খিচুড়ি, তেমনই রয়েছে প্রায় ৩০ হাজার টাকার শ্যাম্পেন। এমনকি জলের দামও নজর কাড়ে।
‘স্কারলেট হাউজ’ নামে পরিচিত এই রেস্তরাঁটি তৈরি করেছেন ধবন উদেশি ও মলয়া নাগপাল। রেস্তরাঁটির অর্ধেক মালিকানা রয়েছে মালাইকা অরোরা ও তাঁর পুত্র অরহান খানের হাতে। প্রায় আড়াই হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই রেস্তরাঁয় রয়েছে একটি বার ও আলাদা ক্যাফে। অন্দরসজ্জায় শিল্পীসত্তার ছোঁয়া স্পষ্ট।
এখানে পরিবেশিত জলও নাকি স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তৈরি। শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে এমন বিশেষ এই জলের এক বোতলের দাম ৩৫০ টাকা। দাবি করা হয়েছে, এই জল ক্লান্তি কমাতে এবং ত্বকের বলিরেখা দূর করতেও সহায়ক।
রেস্তরাঁর বিশেষ আকর্ষণগুলির মধ্যে রয়েছে বিট, বেদানা, তরমুজ, কারি পাতা ও লেবু দিয়ে তৈরি একটি বিশেষ পানীয়। ভাল চুলের জন্য অনেকেই এই পানীয় পান করেন বলে দাবি করা হয়। এক গ্লাসের দাম ৪৫০ টাকা। অ্যালকোহলমুক্ত পানীয়ের দাম ৬৫০ থেকে ৭০০ টাকার মধ্যে। অন্য দিকে, সবচেয়ে দামি ককটেলের দাম ২৯ হাজার টাকা।
প্রায় ১০০ জন বসার ব্যবস্থা রয়েছে এই রেস্তরাঁয়। মশলা খিচুড়ি পাওয়া যায় ৫৫০ টাকায়। অ্যাভোকাডো টোস্টের দাম ৬২৫ টাকা, একটি বিশেষ স্যালাডের দাম ৭২০ টাকা। রেস্তরাঁর অন্যতম জনপ্রিয় পদ লুধিয়ানার বাটার চিকেন, যার দাম ৭৫০ টাকা। মালাইকা নিজেই জানিয়েছিলেন, তিনি যে ধরনের খাবার খান, সেই অভ্যাস থেকেই ‘স্কারলেট হাউজ়’-এর মেনু তৈরি হয়েছে। স্বাস্থ্য, স্বাদ ও অভিজাত অভিজ্ঞতার মেলবন্ধনই এই রেস্তরাঁর মূল আকর্ষণ।