গত ৩০ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকায় জোরকদমে চলছে ‘ধুরন্ধর ২’–এর শুটিং। পাকিস্তানের লিয়ারি শহরের আদলে সেখানে তৈরি করা হয়েছে বিশাল সেট। সরু গলি, কাঠের বাড়ির বারান্দা, সব মিলিয়ে বাস্তবের ছাপ রাখতে কোনও খামতি রাখেননি নির্মাতারা।

শেষ আপডেট: 3 February 2026 17:45
দ্য ওয়াল ব্যুরো: মুক্তির সঙ্গে সঙ্গেই বিতর্কের কেন্দ্রে রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘ধুরন্ধর ২’ ('Dhurandhar 2')–এর টিজার। “এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…”—এই সংলাপেই দর্শকের মধ্যে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছেন ‘হামজা আলি’ অবতারে রণবীর। তবে টিজার প্রকাশের রেশ কাটতে না কাটতেই ছবির নির্মাতাদের ঘাড়ে এসে পড়ল আইনি ঝামেলা। যদিও বিতর্কের কেন্দ্রে নেই সংলাপ বা কনটেন্ট—সমস্যা তৈরি হয়েছে শুটিংয়ের পদ্ধতি ঘিরে।
সূত্রের খবর, গত ৩০ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকায় জোরকদমে চলছে ‘ধুরন্ধর ২’–এর শুটিং। পাকিস্তানের লিয়ারি শহরের আদলে সেখানে তৈরি করা হয়েছে বিশাল সেট। সরু গলি, কাঠের বাড়ির বারান্দা, সব মিলিয়ে বাস্তবের ছাপ রাখতে কোনও খামতি রাখেননি নির্মাতারা। সেই সেটেই কখনও সঞ্জয় দত্ত, আবার কখনও ‘হামজা’ লুকে রণবীর সিংকে গোপন ক্যামেরায় ধরেছে পাপারাজ্জিরা।
কিন্তু এই শুটিং চলাকালীনই মুম্বই পুলিশের নজরে আসে একটি গুরুতর বিষয়। অভিযোগ ওঠে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ড্রোন ব্যবহার করে শুটিং করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই পরিচালক আদিত্য ধরের টিমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে পুলিশ। ইতিমধ্যেই এমআরএ মার্গ থানায় লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
কোন ভুলে বিপাকে টিম?
পুলিশি সূত্রে জানা গিয়েছে, ফোর্ট এলাকা অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত। এখানে একাধিক সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান থাকায় আকাশপথ ব্যবহারের ক্ষেত্রে কড়া নিয়ম বলবৎ রয়েছে। ড্রোন ওড়ানোর জন্য প্রশাসনের নির্দিষ্ট অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অথচ ‘ধুরন্ধর ২’–এর শুটিংয়ে সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ।
এই ঘটনায় ‘কর্তৃপক্ষের নির্দেশ অমান্য’-এর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মীকির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। জানা যাচ্ছে, ড্রোন শুটিংয়ের জন্য পুলিশের কাছ থেকে আগাম কোনও ছাড়পত্র নেননি নির্মাতারা।
একদিকে টিজারের দাপটে দর্শকমহলে বাড়ছে উত্তেজনা, অন্যদিকে আইনি জটিলতায় পড়ে শুরুতেই চাপে ‘ধুরন্ধর ২’–এর টিম। এখন দেখার, এই বিতর্ক শুটিংয়ের গতিপথে কতটা প্রভাব ফেলে।