রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ বক্স অফিসে ১৩০০ কোটির নজির গড়েছে। এবার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার ও মুক্তির তারিখ ঘিরে তুঙ্গে উত্তেজনা।

শেষ আপডেট: 3 February 2026 10:53
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসের সমস্ত রেকর্ড ভাঙার পর ‘হামজা আলি’ রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘ধুরন্ধর’ শুধু বড় পর্দাতেই নয়, ওটিটি প্ল্যাটফর্মেও নিজের দাপট দেখিয়েছে। নেটফ্লিক্সে মুক্তির পর ছবিটি যে বিপুল প্রশংসা কুড়িয়েছে, তা নির্মাতাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে রণবীর সিং অভিনীত এই ছবি শুধু দেশের বাজারেই নয়, বিশ্বব্যাপী দারুণ সাফল্য পেয়েছে (Dhurandhar 2)।
হিসেব বলছে, আন্তর্জাতিক বক্স অফিস মিলিয়ে ছবিটির ব্যবসার অঙ্ক পৌঁছেছে প্রায় ১৩০০ কোটি টাকা। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার সামনে আসতে চলেছে ছবির বহু প্রতীক্ষিত সিক্যুয়েল।
সেই অপেক্ষার মাঝেই টিজার প্রকাশের আগে ছবির একটি নতুন পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে দর্শকদের চমকে দিলেন রণবীর সিং নিজেই। টিজার আসার আগেই এই পোস্টার ঘিরে বাড়ছে উত্তেজনা, আর স্বাভাবিকভাবেই ভক্তদের কৌতূহলও তুঙ্গে।
আগেই ইঙ্গিত মিলেছিল, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রকাশ্যে আসবে ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার। প্রথম ছবির মতোই, এই টিজারও মুক্তি পাবে ঠিক দুপুর ১২টা বেজে ১২ মিনিটে—এই সময়সূচির কথাও সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছিল। টিজারের আগে রণবীরের শেয়ার করা পোস্টারে তাঁকে দেখা যাচ্ছে আগের ছবির পরিচিত ‘ধুরন্ধর’ লুকেই। পোস্টারে বড় করে লেখা ‘রিভেঞ্জ’, যা থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলছে, সিক্যুয়েলে আরও তীব্র ও মারকাটারি অ্যাকশন অবতারে ফিরছেন রণবীর।
পোস্টারে তাঁর চোখেমুখে ফুটে উঠেছে প্রতিশোধের আগুন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা এই লুক দেখে অনুরাগীদের প্রত্যাশা আরও বেড়েছে। একইসঙ্গে পোস্টারেই জানানো হয়েছে ছবির মুক্তির দিনক্ষণ। আগামী ১৯ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’, যা হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাওয়ার কথা।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ রণবীর সিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবন। উল্লেখযোগ্যভাবে, গত ডিসেম্বরে সিনেমাহলে মুক্তির পর ‘ধুরন্ধর’ সব রকম রেকর্ড ভেঙে দিয়েছিল। যদিও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নিষিদ্ধ হওয়ার কারণে ছবিটির প্রায় ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছিল। তবে সেই বাধা কাটিয়ে সম্প্রতি নেটফ্লিক্সের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও মুক্তি পেয়েছে ছবিটি।
পরিচালক আদিত্য ধর ছবিতে তুলে ধরেছেন পাকিস্তানের প্রাচীন শহর লিয়ারি-র গ্যাংস্টারদের বাড়বাড়ন্ত এবং সেই অপরাধচক্র ধ্বংস করতে এক ভারতীয় গুপ্তচরের অভিযান। ‘হামজা আলি’ চরিত্রে রণবীর সিংয়ের সেই মিশন ইতিমধ্যেই বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এবার সেই কাহিনিরই পরবর্তী অধ্যায়ে ঠিক কতটা চমক অপেক্ষা করছে, সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।