রেখা গান গেয়েছেন মেহদি হাসানের বিখ্যাত গজল ‘মুঝে তুম নজর সে গিরা তো রহে হো’—সম্প্রতি সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আবেগে ভেসেছেন বহু নেটিজেন।

রেখা
শেষ আপডেট: 16 July 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: পুরনো দিনের রেশ যেন হঠাৎই ফিরে এল। ১৯৮৩ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রেখা গান গেয়েছেন মেহদি হাসানের বিখ্যাত গজল ‘মুঝে তুম নজর সে গিরা তো রহে হো’—সম্প্রতি সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আবেগে ভেসেছেন বহু নেটিজেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাদা সালোয়ার-কামিজে সাদামাটা পোশাকে, বসে রয়েছেন। তখন তিনি সদ্য ফিরেছেন একটি আমেরিকা সফর থেকে। বিবিসির লন্ডন স্টুডিওতে তাঁর সঙ্গে কথা বলছেন সাংবাদিক কৃষ্ণান গুল্ড। এই সাক্ষাৎকারেই উঠে আসে তাঁর অভিনয়জীবন, নাচ-গানের প্রশিক্ষণ, তারকা-সত্তা এবং বিশেষত ১৯৮১ সালের ছবি ‘উমরাও জান’-এর প্রস্তুতি নিয়ে নানা প্রসঙ্গ।
কিন্তু প্রশংসায় ভরপুর কৃষ্ণানের একের পর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে একেবারেই বিনম্র ভঙ্গিতে আত্মসমালোচনায় মেতে ওঠেন রেখা। বলেন, “আমি কোনও দিন নাচ শিখিনি, বা উচ্চারণ নিয়ে প্রশিক্ষণ নিইনি। আমাকে প্রশংসা কোরো না।” তাঁর মতে, “তারকা হওয়া যথেষ্ট নয়, একজন শিল্পীও হতে হয়।”
Osne Dekha Hi Nahi Warna Yeh Ankh,
Dil Ka Ka Ahwal Kaha Karti Thi… pic.twitter.com/2CF8PNtmPx— Moments & memories (@momentmemori) July 15, 2025
এই আন্তরিক মুহূর্তের মাঝেই হঠাৎ রেখা গেয়ে ওঠেন মেহদি হাসানের কালজয়ী গজলটি—‘মুঝে তুম নজর সে গিরা তো রহে হো’। শুধু কয়েকটি লাইন, তবে গলার নরমসুর এবং আবেগে মিশে যায় সময়। মুহূর্তে সেই গান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এই গজলটি ১৯৬৭ সালের পাকিস্তানি উর্দু ছবি ‘দো রাহা’-র জন্য লিখেছিলেন মাসরুর আনোয়ার এবং সুর করেছিলেন সোহেল রানা। গেয়েছিলেন কিংবদন্তি গায়ক মেহদি হাসান।