ময়লা জামা-কাপড়, মুখে অগোছালো কথা, চোখে ক্লান্তির ছাপ—সোমবার সকালে পূর্ব বর্ধমানের আমিলা বাজার এলাকায় এমন এক অচেনা তরুণীকে ঘিরে কৌতূহলে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

সুমি ধর চৌধুরী
শেষ আপডেট: 16 July 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: ময়লা জামা-কাপড়, মুখে অগোছালো কথা, চোখে ক্লান্তির ছাপ—সোমবার সকালে পূর্ব বর্ধমানের আমিলা বাজার এলাকায় এমন এক অচেনা তরুণীকে ঘিরে কৌতূহলে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কালো শার্ট ও হাফ প্যান্ট পরে তিনি হেঁটে যাচ্ছিলেন বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক ধরে। আচমকা বৃষ্টি শুরু হলে খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের একটি বিশ্রামাগারে ঢুকে পড়েন তিনি।
প্রথমে সকলেই ভেবেছিলেন, মানসিক ভারসাম্য হারানো কেউ হঠাৎ রাস্তায় এসে পড়েছেন। কিন্তু খুব দ্রুতই পরিস্থিতি বদলায়। কারণ তরুণী সাবলীল ইংরেজিতে নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। নিজেকে পরিচয় দেন এইভাবে—“আমার নাম সুমি ধর চৌধুরী। আমি বাংলা ধারাবাহিকে অভিনয় করি।” প্রথমে অবিশ্বাসই করেছিলেন স্থানীয়রা। তবে ইন্টারনেটে খোঁজ করতেই চমকে উঠতে হয় তাঁদের। সত্যিই তো! এই তরুণীই ছিলেন একসময় জনপ্রিয় ধারাবাহিক 'তুমি আশে পাশে থাকলে'–তে ‘রাঙা কাম্মা’র ভূমিকায়।
স্থানীয়দের সঙ্গে সংলাপে সুমি জানান, তিনি বেহালার বাসিন্দা। আবার বলেন, বোলপুর থেকেও এসেছেন। কোনও প্রশ্নেরই নির্দিষ্ট উত্তর দিচ্ছেন না। কখনও ভাগ্যের কথা বলছেন, কখনও জীবনচক্রের কথা। বোঝা যায়, মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন।
এলাকাবাসীরা সুমির কাছ থেকে পাওয়া একটি ফোন নম্বরে যোগাযোগ করেন। জানা যায়, সেটি একজন গাড়িচালকের নম্বর, যিনি সুমিকে শেষবার বোলপুরে নামিয়ে দিয়েছিলেন। সুমির দাবি, সেখান থেকেই তিনি বর্ধমানে এসে পড়েছেন। তাঁর পরিবার নিয়ে কথা বলতে তিনি অনিচ্ছুক। শুধু জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি বাড়ির বাইরে আছেন।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খণ্ডঘোষ এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে সুমিকে উদ্ধার করে বর্ধমানের একটি সরকারি হোমে নিয়ে যায়। আপাতত সেখানেই রয়েছেন তিনি। অভিনেত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ।