যতই ব্যস্ত শিডিউল হোক, নিজের যত্ন নেওয়া থেকে কোনও দিনই পিছপা হন না রশ্মিকা মন্দান্না। বিশেষ করে পায়ের।

রশ্মিকা মন্দান্না
শেষ আপডেট: 16 July 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: যতই ব্যস্ত শিডিউল হোক, নিজের যত্ন নেওয়া থেকে কোনও দিনই পিছপা হন না রশ্মিকা মন্দান্না। বিশেষ করে পায়ের। কারণ শ্যুটিং, ট্র্যাভেল আর নাচের জন্য প্রায়ই তাঁর পা ভীষণ চাপের মধ্যে থাকে। তাই নিয়ম করে নিজের পায়ের যত্ন নেন তিনি—আর তাতেই ব্যবহার করেন একদম বাজেট-ফ্রেন্ডলি জিনিস, এপসম সল্ট!
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের ফুটকেয়ার রুটিন ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, উষ্ণ জলে এপসম সল্ট (যাকে সন্ধক লবণও বলা হয়) মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখেন তিনি। এতে শুধু পেশির ক্লান্তি কমে না, মানসিক চাপও অনেকটাই হালকা হয়।
আর খরচ? মাত্র ৫০-১০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন এক প্যাকেট এপসম সল্ট। অর্থাৎ বাড়িতেই সহজে মেনে নেওয়া যায় এই সেলেব টিপস। তবে শুধু লবণ নয়, রশ্মিকা মনে করেন পায়ে ময়শ্চারাইজার লাগানোও সমান জরুরি। ‘পুষ্পা’ অভিনেত্রী জানিয়েছেন, তিনি সব সময় এমন জুতো পরেন যাতে স্টাইল ও স্বস্তি—দুটোই বজায় থাকে। এখনকার দিনে স্নিকার্স বা কনফর্টেবল জুতোই বেছে নিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ জানুয়ারি জিমে ওয়ার্কআউট করার সময় গুরুতর চোট পান রশ্মিকা। তাঁর পায়ে তিনটি ফ্র্যাকচার ও একটি মাসল টিয়ার হয়। তবুও ‘ছাভা’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে পিছপা হননি তিনি।
এ বছর তাঁকে দেখা গিয়েছে ধনুষ ও নাগার্জুনার ‘কুবেরা’ ছবিতে। বলিউডের ‘ছাভা’ ও ‘সিকান্দার’ ছাড়াও আসছে তাঁর নতুন তেলুগু ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ এবং হিন্দি ছবি ‘থামা’। সেলেবদের মতো পায়ের যত্ন নিতে আর দামী স্পা লাগবে না—রশ্মিকা দেখিয়ে দিলেন, কীভাবে বাজেটেই সম্ভব নিজের যত্ন নেওয়া।