দশ বছর পূর্ণ করে ফের বড় পর্দায় ফিরছে 'বাহুবলী'। এস এস রাজামৌলি পরিচালিত এই ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালের অক্টোবর মাসে ফের রি-রিলিজ হচ্ছে।

বাহুবলীর রি-রিলিজ
শেষ আপডেট: 16 July 2025 11:47
দ্য ওয়াল ব্যুরো: দশ বছর পূর্ণ করে ফের বড় পর্দায় ফিরছে 'বাহুবলী'। এস এস রাজামৌলি পরিচালিত এই ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালের অক্টোবর মাসে ফের রি-রিলিজ হচ্ছে—এইবার দু'টি অংশ মিলিয়ে একটি দীর্ঘ সিনেমার আকারে। আর তা ঘিরেই উঠেছে এক অদ্ভুত প্রশ্ন—ছবির দৈর্ঘ্য নাকি ৫ ঘণ্টা ২৭ মিনিট!
এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয় বিস্ময় ও আলোচনার ঢেউ। তবে এই নিয়ে অবশেষে মুখ খুলেছেন খোদ ভল্লালদেব—অর্থাৎ অভিনেতা রানা ডগ্গুবাটি। হায়দরাবাদে ‘কোথ্থপল্লিল্লো এক্কাপ্পুডু’ ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে এই প্রসঙ্গে তিনি বলেন, “এর উত্তর কেবল রাজামৌলিই জানেন। ও যতক্ষণ না সম্পূর্ণ ঠিক করে, কিছুই প্রকাশ করবে না।”
এদিকে সম্প্রতি বাহুবলীর ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল একটি গ্র্যান্ড রিইউনিয়ন পার্টি। উপস্থিত ছিলেন প্রভাস থেকে রানা—প্রায় সকলেই। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন অনুষ্কা শেট্টি। কেন ছিলেন না ‘দেভসেনা’?
এই প্রশ্নের উত্তর দিয়েছে এক রিপোর্ট। Telugu360 সূত্রে দাবি, অনুষ্কা শেট্টি নাকি আপাতত নিজের চেহারার বদল নিয়ে জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। নতুন ছবি ‘ঘাটি’-র জন্য অনেকটা ওজন কমিয়েছেন তিনি। সেই কারণেই রিইউনিয়ন থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন অনুষ্কা।
আর বাহুবলী ৩? দর্শকদের মনে এখনও রয়েছে সেই প্রশ্ন। যদিও প্রভাস আগেই জানিয়েছেন, “রাজামৌলি যদি নিজে উৎসাহী হন, তাহলেই তৃতীয় ভাগ হতে পারে। এখনই কিছু বলা সম্ভব নয়। স্ক্রিপ্টের অনেকটাই আমাদের প্রথম দু’টি ছবিতে ব্যবহার হয়ে গিয়েছে। বাকিটা ওর মাথায় ছিল বহু বছর ধরে। কিন্তু আদৌ হবে কি না, সেটা রাজামৌলিই ঠিক করবেন।”