রেখার কেরিয়ারে ‘উমরাও জান’ এমন একটি সিনেমা, যা নিয়ে বারবার উঠে এসেছে চর্চায়। ১৯৮১ সালে মুক্তি পাওয়া মুজাফফর আলি পরিচালিত এই ছবিটি এবার ফের মুক্তি পাচ্ছে বড় পর্দায়।

‘উমরাও জান’
শেষ আপডেট: 28 June 2025 18:58
দ্য ওয়াল ব্যুরো: রেখার কেরিয়ারে ‘উমরাও জান’ এমন একটি সিনেমা, যা নিয়ে বারবার উঠে এসেছে চর্চায়। ১৯৮১ সালে মুক্তি পাওয়া মুজাফফর আলি পরিচালিত এই ছবিটি এবার ফের মুক্তি পাচ্ছে বড় পর্দায়। আগামী ২৭ জুন, ২০২৫-এ সিনেমাহলে ফিরছে ‘উমরাও জান’। এই উপলক্ষে একটি বিশেষ স্ক্রিনিং-এর আয়োজন করেন রেখা নিজেই, যেখানে ছিলেন বলিউডের একাধিক নামজাদা তারকা।
এই স্ক্রিনিংয়ের জন্য মণীশ মালহোত্রার ডিজাইন করা সাদা ও সোনালি পোশাকে নিজেই আবার যেন হয়ে উঠলেন ‘উমরাও জান’। তবে এর সঙ্গে সঙ্গে ফের সামনে উঠে এল রেখা-অমিতাভ সম্পর্ক ঘিরে পুরনো আলোচনা।
রেখার জীবনী ‘Rekha: The Untold Story’-তে লেখক ইয়াসির উসমানকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক মুজাফফর আলি বলেন, “‘উমরাও জান’-এর দিল্লি ইউনিটে শ্যুট চলাকালীন অমিতাভ বচ্চন প্রায়ই সেটে আসতেন। রেখা যখন ওঁর কথা বলতেন, তখন ‘ইনকো’, ‘ইনহোনে’ শব্দ ব্যবহার করতেন—যেমন স্ত্রীরা করে থাকেন।”
পরিচালকের মন্তব্য, “রেখা খুব সংবেদনশীল মানুষ। আমি মনে করি, তিনি ওঁকে (অমিতাভকে) নিজের স্বামী বলেই ভাবতেন। ওঁদের বিয়ে হওয়া উচিত ছিল।” পরিচালক জানিয়েছেন, একাধিকবার ‘উমরাও জান’-এর শ্যুটিং চলাকালীন রেখা আচমকা গায়েব হয়ে যেতেন। তখন শোনা গিয়েছিল, তিনি এক ‘সুপারস্টার’-এর সঙ্গে দেখা করতে যেতেন। যদিও রেখা কখনও সরাসরি এই অভিযোগ মেনে নেননি, তবে বলেছিলেন, “আমি পুরো ছবিটাই ঘুমিয়ে ঘুমিয়ে শ্যুট করেছি, আমার অনেক কিছুই মনে নেই।”
একই সময়ে তৈরি হচ্ছিল যশ চোপড়ার ‘সিলসিলা’। ছবির চিত্রনাট্যেই ছিল বাস্তব জীবনের প্রেম-ত্রিকোণ—অমিতাভ, রেখা ও জয়া বচ্চন। একসঙ্গে তিনজনকে পর্দায় আনতে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন পরিচালক নিজেই। পরে ছবির শেষ দৃশ্যে স্বামীর ঘরে ফেরা দেখানো হবে—এই শর্তেই ছবিতে অভিনয় করতে রাজি হন জয়া।