ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতাল থেকে বেরোনোর সময় গাড়ির ভিতরে ভেঙে পড়েছেন সুনীতা।
.png.webp)
শেফালি জারিওয়ালা
শেষ আপডেট: 28 June 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: 'কাঁটা লাগা'-খ্যাত মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়লেন তাঁর মা সুনীতা জরিওয়ালা। শুক্রবার গভীর রাতে শেফালির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় অভিনেত্রীর মায়ের কান্নার ভিডিও।
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতাল থেকে বেরোনোর সময় গাড়ির ভিতরে ভেঙে পড়েছেন সুনীতা। পাশে বসে তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন পরিবারের এক সদস্য। মুখ ঢেকে কাঁদছেন শেফালির মা।
এর আগে স্বামী অভিনেতা পরাগ ত্যাগীকেও হাসপাতালে বেরোতে দেখা গিয়েছিল। তিনিই শুক্রবার রাতে শেফালিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রের খবর, রাত ১১টা ১৫ মিনিট নাগাদ শেফালিকে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, শেফালির মৃতদেহ তাঁর অন্ধেরির ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। রাত একটা নাগাদ পুলিশ খবর পায়। এরপরই দেহ পাঠানো হয় কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য।
মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, “শেফালির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক বলে অনুমান করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।” ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম। তল্লাশি চলছে শেফালির অন্ধেরির গোল্ডেন রেজ-ওয়াই বিল্ডিংয়ের ফ্ল্যাটে।
মাত্র ৪২ বছর বয়সেই জীবনাবসান অভিনেত্রীর। এক দশকেরও বেশি আগে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর ডান্স রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’-তে স্বামী পারাগ ত্যাগীর সঙ্গে অংশ নিয়েছিলেন। ‘বিগ বস ১৩’-তেও দেখা গিয়েছিল তাঁকে। বলিউড হারাল আরও এক পরিচিত মুখকে।