ভিডিওতে দেখা যায়, দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে বসে রয়েছেন রণবীর, আর একাধিক শিল্পী ধাপে ধাপে তাঁর মুখে তৈরি করছেন অদ্ভুত, শিউরে ওঠার মতো সেই লুক। অনেকেই এতদিন ভেবেছিলেন, এই দৃশ্যটি সম্পূর্ণ ভিএফএক্স বা CGI-র সাহায্যে তৈরি।

শেষ আপডেট: 22 March 2026 18:40
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য় ধরের সদ্য মুক্তি পাওয়া ছবি ধুরন্ধর ২ (Dhurandhar The Revenge)। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উত্তেজনা ক্রমেই বাড়ছে। মিম, ফ্যান থিয়োরি, বক্স অফিস কালেকশন আর প্রশংসার ঢল যখন থামার নয়, ঠিক তখনই নতুন চমক এনে দিলেন সেলেব মেকআপ আর্টিস্ট প্রীতিশীল সিং ডি'সুজা (Preetisheel Singh)। তাঁর শেয়ার করা একটি ভিডিওতে (BTS) ধরা পড়ে রণবীর সিং (Ranveer Singh)-এর ভয়ংকর ‘ঘোস্ট’ লুকে রূপান্তরের মুহূর্ত। যা দেখে রীতিমত হতবাক অনুরাগীরা। এই লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তবে এই লুক তৈরি করতে ঠিক কতটা সময় লাগত, তা এবার সামনে আনলেন প্রীতিশীল।
ভিডিওতে দেখা যায়, দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে বসে রয়েছেন রণবীর, আর একাধিক শিল্পী ধাপে ধাপে তাঁর মুখে তৈরি করছেন অদ্ভুত, শিউরে ওঠার মতো সেই লুক। অনেকেই এতদিন ভেবেছিলেন, এই দৃশ্যটি সম্পূর্ণ ভিএফএক্স বা CGI-র সাহায্যে তৈরি। কিন্তু এই ভিডিও সামনে আসতেই স্পষ্ট হল, বাস্তব মেকআপ দিয়েই তৈরি হয়েছিল সেই ভয়ানক দৃশ্য।
এই বিশেষ লুকটি ব্যবহার করা হয়েছে ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে, যেখানে নেশাগ্রস্ত অবস্থায় রণবীরের শৈশবের বন্ধু তাঁকে এক ভয়ংকর ছায়ামূর্তি বা (ghost) হিসেবে কল্পনা করে। সেই দৃশ্যের রহস্যময়তা ও ভয়াবহতাই এখন আরও বেশি করে প্রশংসা পাচ্ছে দর্শকদের কাছ থেকে।
মুহূর্তে কমেন্ট বক্সে ঝড় তোলে অনুরাগীরা। কেউ অবাক হয়ে লিখেছেন, “এটা CGI নয়!” আবার কেউ বলেছেন, “আমি ভেবেছিলাম পুরোটা কম্পিউটার গ্রাফিক্স!” অনেকেই রণবীরের পরিশ্রম ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেছেন।
সব মিলিয়ে, আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত এই ছবির ভিজ্যুয়াল এবং প্রেজেন্টেশন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি, পর্দার পিছনের এই খুঁটিনাটি পরিশ্রমই যে ছবিটিকে আরও বিশেষ করে তুলছে, তা আর বলার অপেক্ষা রাখে না।