২৫০ কোটির নতুন বাংলোয় গৃহপ্রবেশ করলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

রণবীর কাপুর, আলিয়া ভাট
শেষ আপডেট: 5 December 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা জুটি রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt) সম্প্রতি তাঁদের নতুন বাংলোয় সংসার শুরু করেছেন। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত এই বিশাল ম্যানশনটির বাজারদর প্রায় ২৫০ কোটি টাকারও বেশি, যা শাহরুখ খানের 'মন্নত' এবং অমিতাভ বচ্চনের 'জলসা'কেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে।
উত্তরাধিকার সূত্রে পাওয়া কাপুরদের পৈতৃক ভিটেতেই বিগত দেড় বছর ধরে তিল তিল করে এই বাংলো তৈরি করিয়েছেন রণবীর-আলিয়া। হোমযজ্ঞ ও পুজোপাঠের মাধ্যমে তাঁরা গৃহপ্রবেশ করেন। অবশেষে মাসখানেক পর সেই নতুন সংসারের ঝলক সোশ্যাল মিডিয়ায় দেখালেন কাপুরদের বউমা আলিয়া ভাট।
শুক্রবার সকালে আলিয়া ভাট ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা যায় গৃহপ্রবেশের দিনের কিছু সুন্দর মুহূর্ত। হোমযজ্ঞ ও পুজোপাঠের সময় তারকাদম্পতিকে বেশ ব্যস্ত দেখা যায়। তাঁদের ছোট্ট মেয়ে রাহা কাপুরও মা-বাবার সঙ্গে পুজোয় বসেছিল।
একটি ফ্রেমে রণবীরকে প্রয়াত বাবা ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে প্রণাম করতে দেখা যায়। পুত্রবধূ আলিয়ার এমন সুন্দর আয়োজনে শাশুড়ি নীতু কাপুর যে খুশি, সেই মুহূর্তও লেন্সবন্দি হয়েছে। ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে আলিয়াকে আলিঙ্গন করে আদর করতে দেখা যায় নীতুকে।
এই নতুন বাংলোতেই মেয়ে রাহা কাপুরের তিন বছরের জন্মদিন পালন করেছেন রণবীর-আলিয়া। ছবিতে দেখা যায়, গোলাপি রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে এবং ফুলেল কেকও রয়েছে। জানা গেছে, প্রায় ২৫০ কোটি টাকার এই বাংলোর অর্ধেকটা নাকি মেয়ে রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করানো হয়েছে। আর বাকি অর্ধেকটা প্রয়াত ঋষি কাপুরের ইচ্ছা অনুযায়ী নীতু কাপুরের নামে রাখা হয়েছে। শত ব্যস্ততার মাঝেও আলিয়া যে পাকা গিন্নির মতো সংসার গুছিয়ে নিয়েছেন, এই ছবিগুলিতে সেই ঝলকই ধরা পড়েছে।